বর্ষা শুরু হতেই পাহাড়ে কান্না। পাহাড়ের পাদদেশে ঝুঁকি নিয়ে বসবাসকারী ৪ জনের মৃত্যু হয়েছে। পাহাড় ধসে গত শুক্রবার রাতে তাদের মৃত্যু হয়। এ অবস্থায় নড়েচড়ে বসেছে প্রশাসন। জেলা প্রশাসনের পক্ষ থেকে বড় অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেয়া হয়েছে। উচ্ছেদ করা হবে চিহ্নিত ১২০টিসহ অতি ঝুঁকিপূর্ণ স্থাপনা ও বসতি। বিশেষ করে চান্দগাঁও, আকবরশাহ ও বাকলিয়া সার্কেলে আজ রোববার এ অভিযান পরিচালনা করা হবে বলে জেলা প্রশাসন সূত্র নিশ্চিত করেছে।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি) মো. তৌহিদুল ইসলাম আজাদীকে বলেন, গত শুক্রবার থেকেই ভারী বর্ষণ। এ অবস্থায় পাহাড়ে বসবাসকারীদের সুরক্ষায় আমরা কাজ করে চলেছি। মাইকিং করে সতর্ক করার কাজ চলমান রয়েছে। নিরাপদ আশ্রয়ে চলে যেতে অবৈধ বসবাসকারীদের নির্দেশ দেয়া হচ্ছে। ইউটিলিটি সেবা (গ্যাস, বিদ্যুৎ ও অন্যান্য) বিচ্ছিন্ন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে। রোববার সরেজমিনে গিয়ে অবৈধ বসতি উচ্ছেদে অভিযান পরিচালনা করা হবে। সহযোগিতায় থাকবে আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্টরা।
তিনি বলেন, ইতোমধ্যে অতি ঝুঁকিতে থাকা আড়াইশ পরিবারকে আমরা নিরাপদে সরিয়ে নিয়েছি। এর মধ্যে বাটালি হিল থেকে ৩২টি, আকবরশাহ’র ১ নম্বর ঝিল, ২ নম্বর ঝিল ও ৩ নম্বর ঝিল এলাকা থেকে ১৫০টি, টাংকির পাড় ও ভেড়া মার্কেট এলাকা থেকে ৩০টি, মতিঝর্ণা সংশ্লিষ্ট এলাকা থেকে ৩২টি ও আগ্রাবাদ এলাকা থেকে ২০টি পরিবারকে সরিয়ে নেয়া হয়। ১৯টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রয়েছে উল্লেখ করে তিনি বলেন, সরিয়ে নেয়া পরিবারগুলোর মধ্য থেকে কিছু কিছু পরিবার আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে।
তাদের জন্য সেখানে খাবার, চিকিৎসাসহ আনুষঙ্গিক সুযোগ সুবিধার ব্যবস্থা রয়েছে। আশ্রয়কেন্দ্রগুলো হলো আকবরশাহ ও পাহাড়তলী এলাকার জন্য পাহাড়তলী বালিকা উচ্চ বিদ্যালয়, ফয়’স লেক এলাকার ১ নম্বর ঝিল, ২ নম্বর ঝিল এলাকার জন্য কোয়াড পি ব্লক সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ফিরোজশাহ কলোনি প্রাথমিক বিদ্যালয়, পলিটেকনিক কলেজ এলাকার জন্য বায়তুল ফালাহ আদর্শ মাদ্রাসা, জালালাবাদ হাউজিং সংলগ্ন পাহাড়ের জন্য চট্টগ্রাম মডেল স্কুল অ্যান্ড কলেজ, ১৩ নম্বর ওয়ার্ডের জন্য জালালাবাদ বাজার সংলগ্ন শেড, বায়েজিদ থানার মিয়ার পাহাড় মিল সংলগ্ন এলাকার জন্য রৌফাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়, রশিদিয়া রৌফাবাদ আলিম মাদ্রাসা, মহানগর পাবলিক স্কুল ও আল হেরা মাদ্রাসা, বায়েজিদ থানার টাংকির পাহাড় ও আমিন জুট মিল সংলগ্ন এলাকার জন্য আমিন জুট মিল ওয়ার্কার্স ক্লাব ও আমিন জুট মিলস নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, বাটালি হিল সংলগ্ন এলাকার জন্য লালখান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও এবাদ উল্লাহ পণ্ডিত সরকারি প্রাথমিক বিদ্যালয়, মতিঝর্ণা সংলগ্ন এলাকার জন্য শহীদ নগর সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলিম উল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়, লালখান বাজার সংলগ্ন এলাকার জন্য ওয়াইডব্লিও, বায়তুল আমান হাউজিং সোসাইটি ও এমআর সিদ্দিক পাহাড় সংলগ্ন এলাকার জন্য শেখ রাসেল প্রাথমিক বিদ্যালয় ও একে খান পাহাড় সংলগ্ন এলাকার জন্য মতিঝর্ণা ইউনিসেফ স্কুল।












