লোহাগাড়ায় চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যের ভেতর দিয়ে প্রবাহিত একটি প্রাকৃতিক ছড়ায় অবৈধভাবে নির্মিত বাঁধ পুনরায় অপসারণ করা হয়েছে। গতকাল রোববার বনবিভাগ অভিযান চালিয়ে এই বাঁধ অপসারণ করে।
জানা যায়, উপজেলার চুনতি ও আধুনগর ইউনিয়নের সীমান্তবর্তী গোলাইম্যা ঘোনায় বন্যপ্রাণী অভয়ারণ্য সংলগ্ন এলাকায় টিলা কেটে কুলপাগলীর ছড়ায় অবৈধভাবে বাঁধ নির্মাণ করে স্থানীয় একটি প্রভাবশালী মহল। গত ১৩ জানুয়ারি বনবিভাগ ও উপজেলা প্রশাসন যৌথ অভিযান চালিয়ে বাঁধটি অপসারণ করে। এর কিছুদিন পর পুনরায় ওই স্থানে আরেকটি প্রভাবশালী মহল বাঁধ নির্মাণ করে। বাঁধের কারণে ছড়ার প্রাকৃতিক প্রবাহ বাধাগ্রস্ত হয়। ধসে পড়ে অভয়ারণ্যের টিলা। এছাড়া বাঁধের নিচের দিকে শত শত কৃষক সরাসরি ক্ষতিগ্রস্ত হন। পরে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হলে অবৈধভাবে দেয়া বাঁধ পুনরায় অপসারণ করা হয়। চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য বিটের বিট কর্মকর্তা চঞ্চল কুমার তরফদার জানান, প্রাকৃতিক ছড়ায় বাঁধ দেয়ার কোনো নিয়ম নেই। তাই অভিযান চালিয়ে ছড়ায় দেয়া বাঁধ পুনরায় অপসারণ করা হয়েছে। বাঁধ দেয়ার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য, গত ৪ এপ্রিল দৈনিক আজাদী পত্রিকায় ‘চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যে ধসে পড়ছে টিলা/ ছড়ায় কৃত্রিম বাঁধ/ ক্ষতিগ্রস্ত হচ্ছে জীববৈচিত্র্য ও প্রাকৃতিক পরিবেশ’ শিরোনামে একটি প্রতিবদেন প্রকাশিত হয়েছে।














