প্রথম দিনেই চমক দেখাল চসিকের ‘স্ট্রাইকিং ফোর্স’

বায়েজিদে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৭ আগস্ট, ২০২২ at ৫:২৪ পূর্বাহ্ণ

প্রথম দিনেই চমক দেখিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নবগঠিত ‘স্ট্রাইকিং ফোর্স’। ২১ সদস্যের বিশেষ এ দলটিকে সাথে নিয়ে গতকাল মঙ্গলবার বায়েজিদ থানার টেক্সটাইল মোড় থেকে বায়েজিদ রোডের ফায়ার সার্ভিস স্টেশন পর্যন্ত রাস্তার উভয় পাশের ফুটপাত ও নালা দখল করে গড়ে উঠা শতাধিক অবৈধ দোকান ও বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়। আদায় করা হয় ২৩ হাজার টাকা জরিমানা। অভিযানে নেতৃত্ব দেন চসিক নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।
অভিযানে অংশ নেন ভারপ্রাপ্ত প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মো. আবুল হাশেম। তিনি দৈনিক আজাদীকে বলেন, ক্লিপটন গ্রুপ তাদের অফিসের সামনে ফুটপাতের উপর ১৮ বাই ৩০০ ফুট দখলে নিয়ে পার্কিং করে ফেলে। সেটা আমরা ভেঙে দিয়েছি। ভবিষ্যতে করলে বড় অংকের জরিমানা করার বিষয়ে সতর্ক করা হয়। অভিযানে বায়েজিদ ক্যাফেকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি বলেন, একটি যাত্রী ছাউনিও উচ্ছেদ করা হয়। যেটার অনুমোদন ছিল না। তবে সেখানে অনুমোদনহীনভাবে দোকান গড়ে তোলা হয়েছে। অনেকগুলো সেকেন্ড হ্যান্ড টায়ারের দোকান ছিল। ফুটপাত থেকে টায়ার জব্দ করা হয়। সেগুলো ১১ হাজার টাকা নিলামে বিক্রি করা হয়েছে।
এদিকে স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজনের পরিচালিত অপর এক অভিযানে নগরীর মুরাদপুর মোড় থেকে বিবিরহাট পর্যন্ত হাটহাজারী রোডের উভয় পাশের ফুটপাত ও রাস্তার অংশ দখল করে পুরাতন লোহার মালামাল ও নির্মাণ সামগ্রী রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে আট ব্যক্তির বিরুদ্ধে মামলা করে ১৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

পূর্ববর্তী নিবন্ধসিআরবি বাঁচুক, হাসপাতাল হোক অন্যত্র
পরবর্তী নিবন্ধসিএনজি অটোরিকশাসহ তিন ছিনতাইকারী গ্রেপ্তার