বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশের উদ্যোগে ও আনজুমনে নওজোয়ান ব্যবস্থাপনায় গতকাল আয়োজিত মাসব্যাপী নুযুলে কোরআন ও ইফতার মাহফিলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাহবারে বায়তুশ শরফ আল্লামা শায়খ মুহাম্মদ আবদুল হাই নদভী বলেন, মহাকালের পরিক্রমায় মুসলমানদের জন্য প্রতি বছর রহমত, নাজাত ও মাগফিরাতের সওগাত নিয়ে ফিরে আসে মাহে রমজান। উম্মতে মুহাম্মদী (সা.) এর জন্য মাহে রমজান আল্লাহর এক বিশেষ নেয়ামত। রমজান আল্লাহ তায়ালা কর্তৃক প্রদত্ত এমনই এক বরকতময় ও নেয়ামতপূর্ণ মাস, যার বৈশিষ্ট্যের সঙ্গে অন্য কোনো মাসেরই তুলনা চলে না। তিনি বলেন, রোজা এমন এক ফরজ আমল, যার পুরস্কার স্বয়ং আল্লাহ সোবহানাহু তায়ালা নিজে দেবেন। এই মাসে স্বচ্ছতা পায় অন্তরাত্মা, বেড়ে যায় ভাল কাজ করার উৎসাহ– উদ্দীপনা, উন্মুক্ত হয়ে যায় জান্নাত, নাযিল হয় অফুরান রহমত, বন্ধ হয় জাহান্নামের দরজা, মাফ করা হয় গুনাহ। রাহবারে বায়তুশ শরফ বলেন, রমজান তাহাজ্জুদ ও তারাবির মাস, যিকির ও তাসবিহর মাস, রমজান কুরআন তিলাওয়াতের মাস, দান সাদকার মাস, যিকির–আযকার ও দু‘আর মাস, আহাজারি ও কান্নার মাস। সুতরাং অতীব ফযিলতপূর্ণ এই মাসের রহমত, নাজাত ও মাগফিরাত থেকে কোন মু‘মিন মুসলমান যাতে মাহরূম না হয় সেদিকে সকলের সচেষ্ট থাকা উচিত।
নুযুলে কোরআন ও ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ–এর সাধারণ সম্পাদক হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ হারুন শেঠ, সদস্য জাহাঙ্গীর আলম শাকিল। উপস্থিত ছিলেন মাওলানা মুসা কাজেমী, কাজী মাওলানা মুহাম্মদ শিহাব উদ্দিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












