পেশাওয়ার জালমিতে খেলবেন শরিফুলও

স্পোর্টস ডেস্ক | বুধবার , ১৮ মার্চ, ২০২৬ at ১১:৩৪ পূর্বাহ্ণ

দুই মাস আগে নিলামে দল না পেয়ে হতাশ হলেও শেষ পর্যন্ত পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ঠিকানা খুঁজে পেলেন শরিফুল ইসলাম। বাংলাদেশের বাঁহাতি পেসার এবারের আসরে খেলবেন পেশাওয়ার জালমিতে। এই দলে তিনি সঙ্গী হিসেবে পাচ্ছেন জাতীয় দলে পেস আক্রমণের সঙ্গী নাহিদ রানাকে। এবারই প্রথম পিএসএলে পা পড়তে যাচ্ছে শরিফুলের। দেশের বাইরের লিগে আগে তিনি খেলেছেন লঙ্কা প্রিমিয়ার লিগে। সামাজিক মাধ্যমে শরিফুলকে দলে স্বাগত জানায় পেশাওয়ার জালমি। পাকিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজের বাংলাদেশ দলে থাকলেও ম্যাচ খেলার সুযোগ পাননি শরিফুল। এবারের বিপিএলে দুর্দান্ত ফর্মে ছিলেন ২৪ বছর বয়সী পেসার। ১০.০৭ গড়ে ওভারপ্রতি মাত্র ৫.৮৪ রান দিয়ে ২৬ উইকেট শিকার করেন তিনি, যা বিপিএলের এক আসরে সর্বোচ্চ উইকেটের রেকর্ড। সব মিলিয়ে ১৫৬ টিটোয়েন্টিতে তার শিকার ১৯৫ উইকেট। লঙ্কা প্রিমিয়ার লিগে ২০২৩ আসরে ১টি ও ২০২৪ আসরে ৫টি ম্যাচ খেলেছিলেন তিনি। এবারের পিএসএলে আগেই দল পেয়েছেন বাংলাদেশের মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, পারভেজ হোসেন ইমন ও নাহিদ রানা। নিলামের আগেই সরাসরি চুক্তিতে ৬ কোটি ৪৪ লাখ রুপিতে মোস্তাফিজুর রহমানকে দলে নেয় লাহোর কালান্দার্স। নিলামে এই দলই ৬০ লাখ রুপিতে নেয় ব্যাটসম্যান পারভেজকে। পেশাওয়ার ৬০ লাখ রুপিতেই নিয়েছে নাহিদকে। নতুন দল রাওয়ালপিন্ডি ৩ কোটি রুপিতে দলে নেয় রিশাদ হোসেনকে।

পূর্ববর্তী নিবন্ধবিশ্বকাপে বাংলাদেশের না খেলা নিয়ে তদন্ত করবে ক্রীড়া মন্ত্রণালয়
পরবর্তী নিবন্ধঈদের নাটক ‘বেসড অন ট্রু স্টোরি’