পেকুয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় পল্লী চিকিৎসকের মৃত্যু

পেকুয়া প্রতিনিধি | রবিবার , ২৫ অক্টোবর, ২০২৬ at ৮:৩৩ পূর্বাহ্ণ

কক্সবাজারের পেকুয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় ফোরকান এলাহী (৪৫) নামে এক পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ছড়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আব্দুল হামিদ নামে এক পথচারীও গুরুতর আহত হয়েছেন। নিহত ফোরকান এলাহী চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চনুয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা গোলাম রহমানের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে পেকুয়ার রাজাখালী সবুজ বাজার এলাকায় ফার্মেসি ব্যবসা করে আসছিলেন। পাশাপাশি পল্লী চিকিৎসক হিসেবে স্থানীয়দের চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে মোটরসাইকেলযোগে চকরিয়া থেকে পেকুয়া আসছিলেন ফোরকান এলাহী। পথে ছড়াপাড়া স্টেশন এলাকায় পৌঁছালে তাঁর মোটরসাইকেলের সঙ্গে এক পথচারীর ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় আহত পথচারী আব্দুল হামিদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

ফোরকান এলাহীর আকস্মিক মৃত্যুতে রাজাখালীসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে সহকর্মী, শুভাকাঙ্‌ক্ষী ও স্থানীয় বাসিন্দারা গভীর শোক প্রকাশ করেছেন।

পূর্ববর্তী নিবন্ধসৌদিতে ফ্লাইট স্থগিত ১৪৪টি, ভোগান্তিতে ২২ হাজার যাত্রী
পরবর্তী নিবন্ধএনসিপি পতেঙ্গা থানা শাখার ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি