হামজা চৌধুরীকে স্থায়ীভাবে দলে ফেরানোর পথে অনেকটাই এগিয়ে গেছে শেফিল্ড ইউনাইটেড। লেস্টার সিটির এই মিডফিল্ডারকে দলে নিতে কার্যত বিনা ট্রান্সফার ফিতেই সমঝোতা হয়েছে। ডান প্রান্তের রক্ষণভাগের খেলোয়াড় ফেমি সেরিকির চোটের পর বিকল্প খুঁজতে গিয়ে হামজার কথা মনে পড়ে শেফিল্ডের। গতকাল রোববার তার মেডিকেল হওয়ার কথা। সবকিছু ঠিক থাকলে মঙ্গলবার রাতে বোল্টন ওয়ান্ডারার্সের বিপক্ষে ম্যাচে খেলতেও পারেন হামজা। হামজার সঙ্গে শেফিল্ডের সম্পর্ক অবশ্য নতুন নয়। ২০২৪–২৫ মৌসুমের দ্বিতীয়ার্ধে লেস্টার থেকে ধারে দলটিতে খেলেছিলেন তিনি। তার পারফরম্যান্সে শেফিল্ড প্লে–অফ ফাইনাল পর্যন্তও উঠেছিল। এরপর লেস্টার টানা দুইবার অবনমনের শিকার হয়ে এখন লিগ ওয়ানে। হামজার বেতন কমানোর জন্য তাকে ছেড়ে দিতে আগ্রহী ছিল ক্লাবটি। সেই সুযোগেই শেফিল্ড স্থায়ীভাবে তাকে ফেরানোর উদ্যোগ নেয়।











