স্টিফেন বাউমগার্টকে বরখাস্ত করার পর, মৌসুমের বাকি সময়ের জন্য মারি–লুইজে এটাহকে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বুন্ডেসলিগার দল ইউনিয়ন বার্লিন। এতে ৩৪ বছর বয়সী সাবেক এই জার্মান মিডফিল্ডারের নাম উঠে গেছে ইতিহাসের পাতায়। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে প্রথম নারী হিসেবে কোনো পুরুষ দলের প্রধান কোচের দায়িত্ব পেলেন তিনি। জার্মানির শীর্ষ লিগে শনিবার পয়েন্ট টেবিলের তলানির দল হাইডেনহাইমের বিপক্ষে ৩–১ গোলে হারের পর, বরখাস্ত করা হয় বাউমগার্টকে। ১৮ দলের বুন্ডেসলিগায় ১১তম স্থানে আছে ইউনিয়ন বার্লিন। পাঁচ ম্যাচ বাকি থাকতে অবনমন অঞ্চল থেকে ১১ পয়েন্টে এগিয়ে থাকলেও, ২০২৬ সালে লিগে ১৪ ম্যাচের কেবল দুটিতে জিতেছে তারা। মারি–লুইজের জন্য ইতিহাস গড়া অবশ্য নতুন কিছু নয়।
২০২৩ সালের নভেম্বরে ইউনিয়ন বার্লিনের হয়েই বুন্ডেসলিগায় প্রথম নারী সহকারী কোচ হন তিনি। ২০২৪ সালের জানুয়ারিতে তখনকার কোচ নেনাড বিয়েলিজ্জার (যিনি তিন ম্যাচের নিষেধাজ্ঞায় ছিলেন) অনুপস্থিতিতে ডার্মস্টাটের বিপক্ষে ১–০ গোলের জয়ের ম্যাচে দায়িত্ব সামলান মারি–লুইজে এবং প্রথম নারী কোচ হিসেবে বুন্ডেসলিগায় টাচলাইনে দাঁড়ানোর কীর্তি গড়েন তিনি। জার্মানির বিভিন্ন বয়সভিত্তিক দলে খেলা মারি–লুইজে টারবাইন পটসডামের হয়ে জিতেছেন উইমেন’স চ্যাম্পিয়ন্স লিগ। ২০২৫ সালের জুলাই থেকে তিনি ইউনিয়ন বার্লিনের অনূর্ধ্ব–১৯ দলের কোচ হিসেবে কাজ করছেন এবং আগামী গ্রীষ্মে ক্লাবটির নারী দলের প্রধান কোচ হবেন।














