পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে গঠিত স্বাধীন জাতীয় তদন্ত কমিশনের সুপারিশ পর্যায়ক্রমে বাস্তবায়ন করার ঘোষণা দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন সরকার। গতকাল বুধবার জাতীয় শহীদ সেনা দিবসে বনানী সামরিক কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ সরকারের এই প্রতিশ্রুতি তুলে ধরেন। খবর বিডিনিউজের।
এ বিষয়ে নতুন করে কোনো তদন্ত কমিশন গঠন করা হবে না জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় স্বাধীন জাতীয় কমিশন গঠন করা হয় সেই কমিশনের রিপোর্ট এসেছে। জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা ক্ষমতায় এসেছি। তার আগেই অন্তর্বর্তীকালীন সরকার সে রিপোর্ট পেয়েছে। কিন্তু রিপোর্ট বাস্তবায়নে তেমন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। গেল ২৩ ফেব্রুয়ারি সালাহউদ্দিন বলেছিলেন, পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্তের জন্য সরকার একটি নতুন কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে। সেই বক্তব্যের সংশোধনী এনে বুধবার তিনি বলেন, আমি দুয়েকদিনে দেখেছি (প্রতিবেদন)। কয়েকদিন আগে এই রিপোর্ট পুরো না দেখে কিছু কথা বলেছি, এগুলো আজকে সংশোধন করতে চাই। আমরা নতুন করে কোনো তদন্ত কমিশন করব না, যেহেতু জাতীয় একটা স্বাধীন তদন্ত কমিশন গঠিত হয়েছে। তারা যথোপযুক্ত… পেয়েছে। আমি এক নজরে যা দেখেছি. তাতে যে সমস্ত সুপারিশমালা এসেছে, ৭০টির মত, আরো দেখবে। এই সুপারিশমালার অনেকগুলো বাস্তবায়ধীন। আর বিচারিক যে মামলাগুলো আছে, কিছু আপিল পর্যায়ে আছে, কিছু অ্যাপিলেট ডিভিশনে। এই জুডিশিয়াল প্রসেসগুলো সময়মত করা হবে। আর অন্যান্য যে সমস্ত সুপারিশ আছে সেগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করব ইনশাল্লাহ।
সালাউদ্দিন আহমদ বলেন, পিলখানা হত্যাকাণ্ডের পর তৎকালীন সরকার হত্যাকাণ্ডের পেছনে কী উদ্দেশ্যে ছিল তা খুঁজে বের করার জন্য যে কমিটি করেছিল, তার রিপোর্টগুলো শেষ পর্যন্ত প্রকাশিত হয়নি। ন্যায়বিচার নিশ্চিত করার আশ্বাস দিয়ে তিনি বলেন, পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার হবে, ন্যায়বিচার নিশ্চিত করা হবে, যাতে এই জাতীয় কোনো ঘটনা আমরা যেন আর না দেখতে পাই। সেজন্য যে পদক্ষেপ নেওয়া জরুরি, সমস্ত পদক্ষেপ নেওয়া হবে।
ওই হত্যাকাণ্ড বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি হুমকি ছিল মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের সেনাবাহিনীকে দুর্বল করার একটা লক্ষ্য ছিল। সেটা তাদেরই থাকতে পারে, যারা বাংলাদেশের স্বাধীনতার সর্বভৌমত্বকে বিশ্বাস করে না, দুর্বল রাষ্ট্র হিসেবে দেশকে দেখতে চায়।












