ইরান তাদের এক পারমাণবিক স্থাপনার কাছে অবস্থিত ভূগর্ভস্থ একটি কমপ্লেক্সকে আগের তুলনায় মজবুত করছে বলে উপগ্রহের নতুন কিছু ছবি বিশ্লেষণে বোঝা যাচ্ছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ব্যাপক সামরিক উপস্থিতি ঘিরে উত্তেজনা এবং তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে তাদের সঙ্গে ওয়াশিংটনের চলমান আলোচনার মধ্যেই ইরানের এ নতুন তৎপরতার বিষয়টি নিশ্চিত হওয়া গেল, জানিয়েছে বিবিসি। খবর বিডিনিউজের।
ইরান নতুন কোনো পারমাণবিক চুক্তিতে রাজি না হলে তাদের ওপর হামলার হুমকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই দিয়ে রেখেছেন। তার মধ্যেই উপগ্রহের সামপ্রতিক ছবিতে ইরানকে তাদের কোলাং গাজ লা পাহাড়ে (অনেকের কাছে পিকঅ্যাক্স পাহাড় নামেও পরিচিত) টানেলের প্রবেশপথগুলো মজবুত করতে দেখা গেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক থিংক ট্যাঙ্ক ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটিই (আইএসআইএস) প্রথম উপগ্রহের ওই ছবিগুলো খতিয়ে দেখে। বিশেষজ্ঞরা বলছেন, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মকাণ্ড বা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ উপকরণের সুরক্ষায় ওই স্থাপনাটি মজবুত করা হতে পারে। তবে এটি আসলেই কী কাজে ব্যবহারের জন্য বানানো হয়েছে এবং এখনও এটি সচল আছে কিনা তা স্পষ্ট নয়। ইরান তাদের পারমাণবিক কর্মসূচিকে ‘পুরোপুরি শান্তিপূর্ণ’ দাবি করে আসছে। তারা কোনো পারমাণবিক অস্ত্র বানাতে চাইছে না বলেও জোর দিয়ে বলছে।











