পানছড়িতে ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা

খাগড়াছড়ি প্রতিনিধি | শনিবার , ২৮ মার্চ, ২০২৬ at ৮:৪৭ পূর্বাহ্ণ

খাগড়াছড়ির পানছড়িতে ইউপিডিএফের (গণতান্ত্রিক) উপজেলা সমন্বয়ক নীতিদত্ত চাকমাকে গুলি করে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে পানছড়ি সদর ইউনিয়নের সূতকর্মা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পানছড়ি থানার ওসি মো. ফেরদৌস ওয়াহিদ বলেন, ২৭ মার্চ সকাল সাড়ে ৮টার দিকে পানছড়ি সদর ইউনিয়নের সূতকর্মা পাড়া এলাকায় গুলির ঘটনা ঘটে। ঘটনার পর পর পুলিশ সেখানে যায়। পুলিশ গিয়ে গুলিবিদ্ধ কাউকে পায়নি। এর আগেই গুলিবিদ্ধ নীতিদত্ত চাকমাকে উদ্ধার করে স্থানীয় খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এ ঘটনার জন্য প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফকে দায়ী করে গণতান্ত্রিক ইউপিডিএফের সংগঠক অমর চাকমা। তবে অভিযোগ অস্বীকার করেছে ইউপিডিএফের মুখপাত্র অংগ্য মারমা। তিনি বলেন, এটা তাদের অভ্যন্তরীণ কারণে হয়েছে। এখানে আমাদের সংগঠন ইউপিডিএফ কোনভাবেই জড়িত নয়।

খাগড়াছড়ি সদর থানার ওসি মো. কায় কিসলু বলেন, নীতিদত্ত চাকমার মরদেহ খাগড়াছড়ি সদর হাসপাতালে রয়েছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবন্দরে ভিড়ল জ্বালানি তেলবাহী আরেকটি জাহাজ
পরবর্তী নিবন্ধতসবির দানা গলায় আটকে প্রাণ গেল শিশুর