পাঠানটুলীর গোলবন্যা, জয় পেল চার স্কুল

শহীদ জিয়া ও খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট

ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ৩ সেপ্টেম্বর, ২০২৬ at ৭:৫০ পূর্বাহ্ণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম মহানগর আয়োজিত শহীদ জিয়া ও খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে গতকাল বুধবার তৃতীয় রাউন্ডে আরো ৪টি খেলা অনুষ্ঠিত হয়েছে। এসব খেলায় জয় পেয়েছে আবদুল হামিদ সওদাগর উচ্চ বিদ্যালয়, পাঠানটুলী সিটি করপোরেশন বালক উচ্চ বিদ্যালয়, পতেঙ্গা উচ্চ বিদ্যালয় ও পোস্তারপাড় সিটি করপোরেশন বালক উচ্চ বিদ্যালয়।

চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে আবদুল হামিদ সওদাগর উচ্চ বিদ্যালয় ৩১ গোলে সরাইপাড়া সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে আরাফাত হোসেন হ্যাট্রিকসহ ৩টি গোল করেন। এছাড়া শুভ দাশ করেন ১টি গোল। বিজিত দলের মো. মুসাব্বির বিন ইউসুফ ১টি গোল করেন। ম্যান অব দ্যা ম্যাচ আবদুল হামিদ স্কুলের আরাফাত রহমানের হাতে পুরস্কার তুলে দেন মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোহাম্মদ মহসীন।

সকালে অনুষ্ঠিত দিনের দ্বিতীয় খেলায় পাঠানটুলী সিটি করপোরেশন বালক উচ্চ বিদ্যালয় ৭০ গোলের বড় ব্যবধানে রামপুর সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। বিজয়ী দলের শাহরিয়ার হ্যাট্রিকসহ ৩টি, সাজ্জাদ হোসেন সানি ২টি গোল করেন। এছাড়া সাইদুল ইসলাম ও আশিকুল হক নিশাদ প্রত্যেকে ১টি করে গোল দেন। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ পাঠানটুলী স্কুলের সাজ্জাদ হোসেন সানিকে পুরস্কার তুলে দেন জাতীয়তাবাদী ক্রীড়া দলের কেন্দ্রীয় সদস্য ও সাবেক ক্রিকেটার শেখ মাহাবুব উল করিম মিঠু।

দুপুরে অনুষ্ঠিত দিনের তৃতীয় ম্যাচে পতেঙ্গা উচ্চ বিদ্যালয় ২০ গোলে হালিশহর বেগমজান উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। বিজয়ী দলের তাসিফ ও সিহাব ১টি করে গোল করেন। ম্যান অব দ্যা ম্যাচ পতেঙ্গা স্কুলের তাসিফের হাতে পুরস্কার তুলে দেন মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম এ ইউসুফ।

বিকালে অনুষ্ঠিত চতুর্থ ও শেষ ম্যাচে পোস্তারপাড় সিটি করপোরেশন বালক উচ্চ বিদ্যালয় ২০ গোলে হালিশহর হাউজিং এস্টেট উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। বিজয়ী দলের আবদুল ওয়াসিম আয়ান এবং মো. আবদুল আল নোমান প্রত্যেকে ১টি করে গোল করেন। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ পোস্তারপাড় স্কুলের আবদুল ওয়াসিম আয়ানের হাতে পুরস্কার তুলে দেন মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক কমিশনার মোহাম্মদ আজম।

আজ বৃহস্পতিবার গ্রুপ পর্বের শেষ ৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। একদিন বিরতির পর আগামী ৫ সেপ্টেম্বর (শনিবার) থেকে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে ৩২টি দল নিয়ে নকআউট পর্বের ম্যাচ শুরু হবে।

পূর্ববর্তী নিবন্ধসিরিয়ার বিপক্ষে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে মাঠে নামছে বাংলাদেশ
পরবর্তী নিবন্ধমুশফিকের উন্নতি, শান্ত তাইজুলের অবনতি