পাওনা টাকা চাওয়ায় মারধর, টেকনাফে সবজি বিক্রেতার মৃত্যু

টেকনাফ প্রতিনিধি | সোমবার , ১৮ মার্চ, ২০২৪ at ৪:৪৩ পূর্বাহ্ণ

কক্সবাজারের টেকনাফে উনছিপ্রাং এলাকায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে মারধরে মোক্তার নামে এক সবজি বিক্রেতার মৃত্যু হয়েছে। গতকাল রোববার ভোর ৫টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেওয়ার পথে তার মৃত্যু হয়। গত শনিবার তাকে মারধর করে আহত করা হয়েছে বলে জানা গেছে।

সবজি বিক্রেতা মোক্তার (৫৬) উপজেলা হোয়াইক্ষং ইউনিয়ন উনছিপ্রাং এলাকার বাসিন্দা। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তির নাম বাদশা ওরফে পেটু বাদশা। তিনি উনছিপ্রাং এলাকার মৌলভী রুস্তমের ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, মোক্তার উনছিপ্রাং এলাকায় সবজি বিক্রি করেন। কিছুদিন আগে ওই এলাকার বাসিন্দা বাদশা মোক্তারের দোকান থেকে বাকিতে সবজি কিনে নিয়ে যায়। শনিবার মোক্তার সবজির বকেয়া টাকা চাইতে গেলে বাদশা উত্তেজিত হন। টাকা চাওয়াকে কেন্দ্র করে তাদের তর্কবিতর্ক হয়। একপর্যায়ে বাদশা মোক্তারকে এলোপাথাড়ি চড়থাপ্পড় ও ঘুষি মারেন। মারধরের এক পর্যায়ে মোক্তার জ্ঞান হারান। স্থানীয় কয়েকজন তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পৌঁছে দেন। এরপর মোক্তার শারীরিকভাবে আরো অসুস্থ হয়ে পড়েন। পরে গতকাল ভোরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

মোক্তারের ছেলে মোস্তফা বলেন, মারার সময় আমার বাবা বলছিলেন, আর মাইরেন না ভাই, মাফ চাই। মাফ চাই ভাই। আমাকে একটু পানি খেতে দেন। আমি মরে যাব। এভাবে আকুতি জানালেও সে রক্ষা পায়নি বাদশার হাত থেকে। আমরা গরিব। তাই এর বিচার পাব না।

এই বিষয়ে টেকনাফ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গণি বলেন, জড়িত ব্যক্তিকে ধরতে পুলিশের অভিযান চলছে।

পূর্ববর্তী নিবন্ধসাত ট্রেনের যাত্রা বাতিল, দুর্ভোগে ৫ হাজার মানুষ
পরবর্তী নিবন্ধমনিটরিং টিমের অভিযান ৩৫০ টাকার তরমুজ বিক্রি হলো দুইশ টাকায়