পাঁচ দিন পর থামল মাহিনের জীবন

হাটহাজারী সরকারি কলেজে পরীক্ষা দিতে যাওয়ার পথে দুর্ঘটনা

হাটহাজারী প্রতিনিধি | মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:৩৮ পূর্বাহ্ণ

হাটহাজারীতে প্রাইভেটকার ও সিএনজি টেক্সির সংঘর্ষে আহত হাটহাজারী সরকারি কলেজের শিক্ষার্থী মাহিন (২০) দুর্ঘটনার পাঁচ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

গতকাল সোমবার বেলা ১১টার দিকে মাহিনের মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন হাটহাজারী সরকারি কলেজের প্রভাষক মো. আবু তালেব। এর আগে সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মাহিন উপজেলার নাঙ্গলমোড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মাহাবুল আলমের ছেলে।

জানা যায়, গত বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরের দিকে কয়েকজন পরীক্ষার্থী সিএনজি টেঙিতে করে হাটহাজারী সরকারি কলেজে পরীক্ষায় অংশ নিতে আসার পথে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে সিএনজি টেঙিটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি টেঙি ও প্রাইভেটকারের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এ সময় টেঙিচালক ও শিক্ষার্থীরা গুরুতর আহত হন।

পরে আশপাশের লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হওয়ায় গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) রেফার করা হয়। এদিকে চমেক হাসপাতালে নেওয়ার পথেই টেঙিচালক এরশাদের মৃত্যু হয়।

অপরদিকে গুরুতর আহত মাহিনকে চমেক হাসপাতালে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পূর্ববর্তী নিবন্ধভাঙা হলো ওসমানের নতুন জুয়ার ঘর
পরবর্তী নিবন্ধকক্সবাজারে পুলিশ সদস্যের বাড়িতে ৯০ হাজার ইয়াবা, ৩৬ লাখ টাকা উদ্ধার