পাঁচ ক্যাটাগরিতে ২৭০ ক্রিকেটার

ডি থ্রি নিলাম আজ

স্পোর্টস ডেস্ক | সোমবার , ২৬ অক্টোবর, ২০২৬ at ৬:৫৭ পূর্বাহ্ণ

ডিসেম্বরে টি–টোয়েন্টি দিয়ে শুরু হতে যাচ্ছে ঘরোয়া ক্রিকেটের নতুন আয়োজন ডমেস্টিক থ্রি বা ‘ডি থ্রি’ টুর্নামেন্ট। তিন ফরম্যাটের এই প্রতিযোগিতার আগে ক্রিকেটারদের নিয়ে হবে নিলাম। আজ ২৬ অক্টোবর রাজধানীর শেরাটন হোটেলে সকাল ১১টায় অনুষ্ঠিত হবে নিলাম। ডি থ্রি নিলাম পরিচালনা করবেন ভাষ্যকার চারু শর্মা। এর আগে পাঁচটি ক্যাটাগরিতে ২৭০ ক্রিকেটারের তালিকা তৈরি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিলামের সর্বোচ্চ ‘এ’ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন জাতীয় দলের একঝাঁক তারকা। এই তালিকায় আছেন মোস্তাফিজুর রহমান, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, নাহিদ রানা, শরিফুল ইসলাম ও জাকের আলী অনিকের মতো ক্রিকেটাররা। তবে সর্বোচ্চ ক্যাটাগরিতে থাকার গুঞ্জন থাকলেও ‘সি’ ক্যাটাগরিতে জায়গা হয়েছে অভিজ্ঞ ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদের। ‘সি’ ক্যাটাগরিতে মাহমুদউল্লাহর সঙ্গে আছেন নাসির হোসেন, শুভাগত হোম, আমিনুল ইসলাম বিপ্লব, নাঈম আহমেদ, আকবর আলী, আজিজুল হাকিম তামিম ও মৃত্যুঞ্জয় চৌধুরীর মতো ক্রিকেটাররা। ‘বি’ ক্যাটাগরিতে রয়েছেন ২৫ জন ক্রিকেটার। তাদের মধ্যে উল্লেখযোগ্য সাব্বির রহমান, সাদমান ইসলাম, মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন, পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ ও এবাদত হোসেন। ‘সি’ ক্যাটাগরিতে আছেন ৬৮ জন এবং ‘ডি’ ক্যাটাগরিতে ৫৩ জন। সবচেয়ে বেশি ১০১ ক্রিকেটার জায়গা পেয়েছেন ‘ই’ ক্যাটাগরিতে। অন্যদিকে ‘ডি’ ক্যাটাগরিতে রয়েছেন তরুণ ক্রিকেটার জাওয়াদ আবরার, আদিল বিন সিদ্দীক, রিফাত বেগ, কালাম সিদ্দিকী অলিন ও মারুফ মৃধা। অনূর্ধ্ব–১৯ দলের বেশ কয়েকজন ক্রিকেটারও আছেন নিলামের তালিকায়। তাদের বড় একটি অংশ জায়গা পেয়েছেন ‘ই’ ক্যাটাগরিতে। তরুণদের জন্য অভিজ্ঞদের সঙ্গে একই টুর্নামেন্টে খেলার সুযোগ তৈরি করাই হতে পারে এই আয়োজনের অন্যতম আকর্ষণ। নিলামের আগেই ছয়টি দল একজন করে আইকন ক্রিকেটার দলে নেওয়ার সুযোগ পেয়েছে। সেই সুযোগে এইচ ব্লু স্টার নিয়েছে নুরুল হাসান সোহানকে, ওয়ালটন মেহেদী হাসান মিরাজকে, সেভেন রিংস সিমেন্ট মুশফিকুর রহিমকে, একমি মোসাদ্দেক হোসেন সৈকতকে, ফরচুন তাওহীদ হৃদয়কে এবং সিটিজেন ব্যাংক নাঈমকে। প্রতিটি দলের স্কোয়াডে থাকবেন ২৩ জন ক্রিকেটার। একই স্কোয়াড নিয়ে তিন ফরম্যাটের প্রতিযোগিতায় অংশ নিতে হবে দলগুলোকে। ডিসেম্বরে হবে টি–টোয়েন্টি সংস্করণের লড়াই, জানুয়ারিতে চার দিনের বিসিএল এবং আগামী মে মাসে মাঠে গড়াবে ৫০ ওভারের টুর্নামেন্ট। নিলামের আগে কোচিং প্যানেলও চূড়ান্ত করেছে দলগুলো। ছয় দলের কোচিং দায়িত্বে দেখা যাবে মোহাম্মদ সালাহউদ্দিন, সোহেল ইসলাম, হান্নান সরকার, মিজানুর রহমান বাবুল, মোহাম্মদ আশরাফুল, ফয়সাল ডিকেন্স, আশিকুর রহমান মজুমদার ও তালহা জুবায়েরের মতো পরিচিত কোচদের। নিলামকে সামনে রেখে এখন ক্রিকেটারদের ক্যাটাগরি ও দলগুলোর পরিকল্পনাই মূল আলোচনায়। ২৬ অক্টোবরের নিলামের মধ্য দিয়ে পরিষ্কার হবে, কোন দল কাদের নিয়ে তিন সংস্করণের এই দীর্ঘ প্রতিযোগিতায় নিজেদের শক্তি সাজায়।

এদিকে টুর্নামেন্ট শুরুর দেড় মাসেরও বেশি সময় আগে আসরের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে বোর্ড। বরিশালের কবি জীবনানন্দ দাশ স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে লড়বে একমি ও ফরচুন। খেলা শুরু হবে দুপুর ২টা ৪৫ মিনিটে। একই মাঠে একই সময়ে আগামী ৩১ ডিসেম্বর শুরু হবে শিরোপা নির্ধারণী ম্যাচ।ছয় দলের অংশগ্রহণ সব মিলিয়ে খেলা হবে মোট ১৯টি ম্যাচ। এর মধ্যে দেশের প্রধান ক্রিকেট ভেন্যু মিরপুর শের–ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে সাতটি ম্যাচ। প্লে অফের চারটিসহ বাকি ১২ ম্যাচের আয়োজক বরিশালের কবি জীবনানন্দ দাস স্টেডিয়াম। টুর্নামেন্টে খেলা হবে মোট ১২ দিন। এর মধ্যে সাত দিন রাখা হয়েছে একাধিক ম্যাচ। সেসব দিনগুলোতে বেলা ১১টা ও দুপুর ২টা ৪৫ মিনিটে শুরু হবে খেলা। ব্যতিক্রম শুধু প্লে–অফের প্রথম দিন। বরিশালে এলিমিনেটর ম্যাচ শুরু বেলা ১১টায় আর প্রথম কোয়ালিফায়ার হবে বিকেল ৩টা ৩০ মিনিটে।

পূর্ববর্তী নিবন্ধ সেমিফাইনালে রাইয়ান ও এনএইচটি স্পোর্টস ক্লাব
পরবর্তী নিবন্ধদ্বিতীয় দিনে মাঠে এলো আট শতাধিক ক্ষুদে ফুটবলার