নগরীর আগ্রাবাদে পরিত্যক্ত ৫৪টি সরকারি বাসা অবৈধভাবে দখলে রেখে ভাড়া আদায়ের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযানে অভিযোগের প্রাথমিক সত্যতাও পাওয়া গেছে।
গতকাল আগ্রাবাদ সিজিএস কলোনিতে দুদক সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম–১ এর সহকারী পরিচালক সায়েদ আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। দুদক জানায়, এসব বাসায় অবৈধভাবে বসবাস, ভাড়া দিয়ে অর্থ আদায় এবং সরকারি সুযোগ–সুবিধা ব্যবহারের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। তথ্য উপাত্ত সংগ্রহ করা হয়েছে। যাচাই–বাছাই শেষে কমিশন বরাবর প্রতিবেদন দাখিল করা হবে।
সায়েদ আলম জানান, কলোনির ৫৪টি বাসা অনেক আগে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিল। এরপরও কিছু অসাধু ব্যক্তি এসব বাসা অবৈধভাবে দখলে রেখে ভাড়া দিচ্ছেন এবং প্রতি মাসে অর্থ আদায় করছেন বলে অভিযোগ রয়েছে। অভিযানে এসব অভিযোগের সত্যতা যাচাই করা হচ্ছে।
অভিযোগ রয়েছে, অবৈধভাবে বসবাসকারীরা এসব বাসায় বিদ্যুৎ, পানি ও অন্যান্য সরকারি সুযোগ–সুবিধাও ভোগ করছেন। স্থানীয়দের দাবি, সরকারি বাসাগুলোতে বসবাসকারীদের অধিকাংশই প্রভাবশালী ব্যক্তিদের ছত্রছায়ায় রয়েছেন।










