নগরীর পতেঙ্গা থানাধীন ১৫ নম্বর ঘাট এলাকায় মাদকবিরোধী অভিযানে প্রায় ১ লাখ ৮২ হাজার ৪০০ পিস ইয়াবাসহ ৫ জনকে আটক করেছে র্যাব। উদ্ধার ইয়াবার আনুমানিক বাজার মূল্য সাড়ে ৫ কোটি টাকা বলে জানিয়েছেন র্যাব।
আটককৃতরা হল– বাকলিয়া থানাধীন পূর্ব বাকলিয়ার আলী জোহারের ছেলে মো. ইমরান (২১), আনোয়ারা উপজেলার পূর্ব গহিরার আব্দুল মান্নান প্রকাশ বাচন মিয়ার ছেলে মো. আনিস (২৯), ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার ভাঙ্গারার মৃত কানু মিয়ার ছেলে মো. মনির হোসেন (৪৫), একই উপজেলার কুরুশখুল এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে মো. আলী (৪৭) ও লক্ষীপুর জেলার রামগতি থানার চর কলাকুপা এলাকার মাহে আলমের ছেলে মো. রুবেল (২৭)।
গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে কর্ণফুলী নদীর তীরবর্তী পতেঙ্গা থানার ১৫ নম্বর ঘাট এলাকায় একটি বাল্কহেডে অভিযান চালিয়ে র্যাব সদস্যরা ইয়াবাসহ তাদের আটক করেন। গতকাল দুপুরে নগরের বহদ্দারহাট এলাকায় র্যাব–৭ এর চান্দগাঁও ক্যাম্পে মিডিয়া ব্রিফিংয়ে লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান এই তথ্য জানান।
র্যাব–৭ চট্টগ্রামের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, মিয়ানমার থেকে সমুদ্রপথে একটি বাল্কহেডে করে বিপুল পরিমাণ ইয়াবা চট্টগ্রাম নগরের দিকে আনা হচ্ছে। খবর পেয়ে র্যাব–৭ এর একটি আভিযানিক দল বাল্কহেডটির গতিবিধি নজরদারিতে রাখে। একপর্যায়ে বাল্কহেডটি ১৫ নম্বর ঘাট এলাকায় নোঙর করে। এ সময় নৌকা থেকে কয়েকজন ব্যক্তি পালানোর চেষ্টা করলে র্যাব সদস্যরা অভিযান চালিয়ে তাদের আটক করেন। পরে বাল্কহেডে তল্লাশি চালিয়ে ইঞ্জিন রুমে রাখা দুটি প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে ১ লাখ ৮২ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ কোটি ৫০ লাখ টাকা।
র্যাব জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। পাশাপাশি জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে এই চক্রের মূল হোতাদের শনাক্তে কাজ করছে আইনশৃক্সখলা বাহিনী।











