পটিয়ায় ৩ দিনব্যাপী ষষ্ঠ কাব ক্যাম্পুরী ও উপজেলা স্কাউটস সমাবেশ উদ্বোধন

পটিয়া প্রতিনিধি | শুক্রবার , ৩ এপ্রিল, ২০২৬ at ৬:০৬ পূর্বাহ্ণ

এক সপ্তাহের ক্যাম্পিং জীবন, মিটিং রুমে বসে নেওয়া ছয় মাসের তাত্ত্বিক শিক্ষার চেয়েও মূল্যবান’ স্কাউটিং আন্দোলনের প্রতিষ্ঠাতা লর্ড ব্যাডেন পাওয়েলের এই অমর বাণীকে হৃদয়ে ধারণ করে বাংলাদেশ স্কাউটস পটিয়া উপজেলা ষষ্ঠ উপজেলা কাপ ক্যাম্পুরী ৬ ও ষষ্ঠ উপজেলা স্কাউটস সমাবেশের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার পটিয়া আবদুস্‌ সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ৩ দিনব্যাপী এই সমাবেশের উদ্বোধন করা হয়। আগামী ৪ এপ্রিল পর্যন্ত এই ক্যাম্পিং চলবে।

উপজেলা স্কাউটসের আয়োজনে অনুষ্ঠানের উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউটসের সভাপতি ফারহানুর রহমান। প্রধান অতিথি বলেন, স্কাউটিং শিক্ষার্থীদের সুশৃঙ্খল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে অনন্য ভূমিকা পালন করে। পুঁথিগত বিদ্যার পাশাপাশি ব্যবহারিক শিক্ষার মাধ্যমে তরুণ প্রজন্মকে শৃংখলাবদ্ধ ও নৈতিকতাপূর্ণ আদর্শিক কারিগর হিসেবে গড়ে তুলতে এ ধরনের সমাবেশের গুরুত্ব অপরিসীম।

ষষ্ঠ উপজেলা কাব ক্যাম্পুরী ও ষষ্ঠ উপজেলা স্কাউট সমাবেশের ক্যাম্প চীফ সৈয়দ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার দীপন ক্রান্তি দে, এস এ রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ টি এম তোহা এবং প্রশিক্ষক মলয় কুমার দে।

উপজেলা স্কাউটসের সম্পাদক মো.নিজাম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্কাউটসের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এবারের সমাবেশে উপজেলার ৪০টি শিক্ষা প্রতিষ্ঠানের কাব স্কাউট ও স্কাউট সদস্যরা অংশগ্রহণ করছে। ৩ দিনব্যাপী এই আয়োজনে স্কাউটদের জন্য থাকছে বিভিন্ন ধরনের তাত্ত্বিক ও ব্যবহারিক প্রতিযোগিতা, হাইকিং, তাঁবু কলা এবং আকর্ষণীয় ক্যাম্প ফায়ার বা মহাতাঁবু জলসা।

পূর্ববর্তী নিবন্ধপ্রকৌশলী খুরশিদ আহমেদ চৌধুরী
পরবর্তী নিবন্ধনুরুল ইসলামের ইন্তেকাল