পটিয়ায় ১১ জন গ্রেপ্তার

চোরাই ভ্যান ও মাদক উদ্ধার

পটিয়া প্রতিনিধি | শনিবার , ২৩ মে, ২০২৬ at ১০:৩৪ পূর্বাহ্ণ

পটিয়ায় পুলিশের বিশেষ অভিযানে চুরি হওয়া ভ্যান ও মাদকসহ ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার ও শুক্রবার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পটিয়া থানা পুলিশ। গতকাল শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, গত ১৯ মে কুসুমপুরা ইউনিয়ন পরিষদ এলাকা থেকে মো. ইব্রাহিম নামের এক ব্যবসায়ীর অটোভ্যান চুরি হয়। অভিযোগ পেয়ে পটিয়া থানার এসআই ইউসুফ আলী মৃধা অভিযান চালিয়ে শুক্রবার রাতে দক্ষিণ গোবিন্দারখীল এলাকা থেকে অভিযুক্ত কর্মচারী মোহাম্মদ ছাবেরকে (২৬) গ্রেপ্তার করেন। এ সময় তার কাছ থেকে চোরাই ভ্যানটি উদ্ধার করা হয়।

অন্যদিকে, হাইদগাঁও ইউনিয়ন পরিষদ এলাকায় পৃথক অভিযানে ইয়াবা ও চোলাইমদসহ অমি চৌধুরী (২২) ও রানা শীল (২২) নামে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

এছাড়া অপরাধ সংঘটনের পরিকল্পনার অভিযোগে সাজেদুল কাদের জিসাদ (১৯), ইয়াছিন আরাফাত রিশাদ (২১), জয়নুদ্দীন মাহামুদ জুনায়েদ (২৩), মো. আমিনুর রহমান (৩৫), মো. নিরব (৩৭), মো. মাহবুবুর আলম (৪১), রঘু সর্দ্দার (৪৫) নামে সাতজনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া আদালতের পরোয়ানাভুক্ত আসামি মো. নুরুল ইসলামকেও গ্রেপ্তার করা হয়।

পটিয়া থানার পরিদর্শক (তদন্ত) যুযুৎসু যশ চাকমা জানান, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসাংবাদিক অপর্ণা খাস্তগীরের পরলোকগমন
পরবর্তী নিবন্ধপ্রাথমিক বিদ্যালয়ে ঈদের ছুটি আজ থেকেই শুরু