পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পেছনে ছাইয়ের স্তূপ থেকে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার বিকেলে হাসপাতাল চত্বরে কান্নার শব্দ শুনে কর্মরত স্টাফরা ঘটনাস্থলে একটি প্যাকেটের ভেতর থেকে ছেলে শিশুটিকে উদ্ধার করে।
হাসপাতাল সূত্র জানায়, গতকাল বিকেল আনুমানিক ৩টা ৪৫ মিনিটের দিকে শিশুটিকে শনাক্ত করা হয়। পরবর্তীতে সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় দেখা গেছে, দুজন যুবক–যুবতী নবজাতকটিকে প্যাকেটে করে হাসপাতালের পাশেই রেখে দ্রুত স্থান ত্যাগ করেন।
পটিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু তৈয়ব জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে–নির্ধারিত সময়ের আগেই শিশুটির জন্ম হয়েছে। কম ওজন ও অপরিণত অবস্থার কারণে সে নানা স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে। বর্তমানে তাকে উন্নত চিকিৎসা নিশ্চিত করতে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।










