পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে পটিয়ায় মহাসড়কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের পটিয়া শান্তির হাট এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে তিনটি বাসকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পটিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়া ত্রিপুরার নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী বিভিন্ন গণপরিবহন তদারকি করা হয়। অভিযান চলাকালে যানবাহনের চালকের লাইসেন্স, রুট পারমিট, ট্যাক্স টোকেন ও রেজিস্ট্রেশন সনদ যাচাই করা হয়। এছাড়া যাত্রীদের সঙ্গে কথা বলে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে কিনা এবং ভাড়ার তালিকা প্রদর্শন করা হয়েছে কিনা, তা খতিয়ে দেখেন ম্যাজিস্ট্রেট। আইন লঙ্ঘনের দায়ে হানিফ ও ঈগল পরিবহনসহ মোট তিনটি বাসের বিরুদ্ধে মামলা দিয়ে ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে পটিয়া হাইওয়ে পুলিশের একটি দল আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করে। নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়া ত্রিপুরা জানান, ঘরমুখো মানুষের ঈদযাত্রা নিরাপদ করতে জনস্বার্থে এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।










