পটিয়া বাইপাস সংলগ্ন ইন্দ্রপোল এলাকায় মিনিবাসের ধাক্কায় ইমতিয়াজ মাহমুদ ইমন (২২) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা অপর দুই আরোহী মোহাম্মদ নয়ন (২৩) ও মো. ফোরকান (২৫) গুরুতর আহত হয়েছেন। গতকাল শনিবার রাত ৮টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত ইমন চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের মুরাদাবাদ এলাকার মোস্তাক আহমদের পুত্র। আহতদের মধ্যে নয়ন একই উপজেলার উত্তর কাঞ্চনাবাদ এলাকার মো. জসিম উদ্দিনের পুত্র এবং ফোরকান উত্তর কাঞ্চনা পূর্ব এলাহাবাদ গ্রামের শাহ আলমের পুত্র।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পটিয়ামুখী একটি মিনিবাসকে ওভারটেক করার সময় মোটরসাইকেলটির সাথে বাসটির সামনের অংশের ধাক্কা লাগে। এতে চালকসহ তিন আরোহী বাসের নিচে চলে যান। এ সময় চালক ইমন বাসের চাকার নিচে আটকে পড়ে ঘটনাস্থলেই মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করেন।
আহতদের মধ্যে নয়নকে পটিয়া স্বাস্থ্য কমপ্লেঙে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহত ফোরকান চন্দনাইশের বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।
নিহত ও আহতদের স্বজনরা জানান, তারা তিনজন মোটরসাইকেলযোগে পটিয়ার মনসা এলাকায় একটি দাওয়াতে অংশ নিয়েছিলেন। দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে ইন্দ্রপোল এলাকায় তারা এই দুর্ঘটনার শিকার হন। দুর্ঘটনার পরপরই মিনিবাসের চালক ও হেলপার পালিয়ে যায়।
পটিয়া ক্রসিং হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুনুর রশিদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে হাইওয়ে পুলিশের টিম পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও মিনিবাসটি বর্তমানে হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।












