পটিয়ায় চাকুসহ ৪ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে, গত শুক্রবার রাত ১১টায় উপজেলার দক্ষিণ ভুর্ষি গ্রামের প্রীতিলতা সড়কে সিএনজি অটোরিক্সায় করে ছিনতাইকালে স্থানীয়রা তাদের ঘিরে ফেলে। পরে পুলিশ গিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন পৌরসভার দক্ষিণ গোবিন্দারখীল গ্রামের মো. হোসেনের পুত্র ইমরান হোসেন সায়েম (১৯), একই এলাকার সিফাত আলীর পুত্র মো. আজিজ (১৯), মধ্যম গোবিন্দারখীল গ্রামের আবদুল মালেকের পুত্র মো. ইমরান (১৯) ও একই এলাকার আহমদ বাহারের পুত্র মো. আরিফ (১৫)। তারা কিশোর গ্যাং চক্রের সদস্য বলে জানা গেছে।
পুলিশ জানায়, শুক্রবার রাতে পৌর সদরের কামাল বাজার এলাকায় নয়ন নামে এক সিএনজি চালককে ছনহরা যাওয়ার কথা বলে গাড়ি ভাড়া করে ছিনতাইকারীর দল। একপর্যায়ে ওই চালককে উপজেলার দক্ষিণ ভুর্ষি এলাকায় নিয়ে যায় তারা। সেখানে প্রীতিলতা সড়কে অস্ত্র ঠেকিয়ে চালকের মোবাইল ও নগদ টাকা ছিনতাই করে চক্রটি। পরে চালকের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ধরা পড়ে ৪ ছিনতাইকারী। সিএনজি চালক নয়ন উপজেলার উত্তর খরনা গ্রামের আবদুল মাবুদের পুত্র।
পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার জানিয়েছেন, ছিনতাইকারীদের কাছ থেকে ২টি ধারালো চাকু উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।











