পটিয়ায় রাতের আঁধারে গোয়ালঘরের তালা ভেঙে তিনটি গরু চুরির অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার ভোরে উপজেলার ধলঘাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আলমপুর যোগেশ ডাক্তার বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত গরুর মালিক থানায় লিখিত অভিযোগ দিয়েছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয়রা সূত্রে জানা যায়, বুধবার রাতে বসতঘরের পাশে গোয়ালঘরে তিনটি গরু রেখে পরিবারের সদস্যদের সঙ্গে ঘুমিয়ে পড়েন বিটু দে। বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে গোয়ালঘরের কাছে গিয়ে তিনি দেখতে পান, দরজার তালা ভাঙা। ভেতরে ঢুকে দেখেন, গোয়ালঘরে থাকা তিনটি গরুই নেই। চুরি যাওয়া গরুর মধ্যে রয়েছে একটি কালো রঙের বাছুর, একটি লাল রঙের পাঁচ মাস বয়সী গাভী এবং একটি কালো রঙের দুধেল গাভী। বিটু দের দাবি, তিনটি গরুর আনুমানিক বাজারমূল্য প্রায় চার লাখ টাকা।
গরু হারিয়ে কান্নায় ভেঙে পড়েন বিটু দে। তিনি বলেন, আমার জন্য একটা গরুও রাখল না। তিনটা গরুই চুরি করে নিয়ে গেছে। আমি নিঃস্ব হয়ে গেলাম। গরু লালন–পালন করে সংসার চালাই। এখন কীভাবে সংসার চালাব, বুঝতে পারছি না।
এ বিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, গরু চুরির খবর আমরা পেয়েছি। এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। আমাদের বিশেষ টিম কাজ করছে।












