পটিয়ায় ৯৩ পিস ইয়াবাসহ মো. হারুনুর রশিদ (৪৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার ভোরে উপজেলার কচুয়াই ইউনিয়নের কমলা পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হারুনুর রশিদ উপজেলার খরনা ইউনিয়নের লালারখীল এলাকার মৃত শহর মুল্লুকের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পটিয়া থানার এসআই মো. শাখাওয়াত হোসেনের নেতৃত্বে একটি দল কচুয়াই ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাচা ফকিরের বাড়ির পূর্ব পাশে অভিযান চালায়। অভিযানে হারুনুর রশিদের বসত ঘর থেকে তাকে ৯৩ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার হারুনুর রশিদের বিরুদ্ধে আগে থেকেই পটিয়া থানায় পাঁচটি এবং সিএমপির কোতোয়ালী থানায় একটিসহ মোট ছয়টি মামলা রয়েছে। এসব মামলার মধ্যে মাদক ব্যবসা ও নারী নির্যাতনের অভিযোগও রয়েছে।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে নতুন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে প্রেরণ করা হয়েছে।














