পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ কোয়ার্টারে এক কর্মচারীর কক্ষে পাঁচটি সাপ পাওয়ায় চিকিৎসক ও কর্মচারীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। গত বুধবার রাতে স্টাফ কোয়ার্টারের একটি কক্ষের ভেন্টিলেটারে সাপগুলো দেখা যায়। পরে সেগুলো মেরে ফেলা হয়।
পটিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু তৈয়ব বলেন, হাসপাতালের কর্মচারী শাহীনের কক্ষের ভেন্টিলেটারে একই রাতে পাঁচটি সাপ দেখা যায়। ওই বাসায় ছোট শিশু থাকায় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। পরে সাপগুলো মেরে ফেলা হলেও আতঙ্ক কাটেনি। এ কারণে বৃহস্পতিবার দুপুরে ওয়াইল্ড লাইফ রেসকিউ টিম বাংলাদেশের প্রতিষ্ঠাতা মো. নাঈম উদ্দিন বিজয়কে খবর দেওয়া হয়। তিনি এসে স্টাফ কোয়ার্টার ও আশপাশের এলাকা পরিদর্শন করেন। তবে আর কোনো সাপের সন্ধান পাওয়া যায়নি।
মো. নাঈম উদ্দিন বিজয় বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, মারা যাওয়া সাপগুলো ছিল নির্বিষ ‘ঘর গিন্নি’ প্রজাতির। তার ধারণা, হাসপাতালের আশপাশের প্রাকৃতিক পরিবেশ থেকেই সাপগুলো সেখানে এসেছে। তিনি বলেন, প্রাকৃতিক আবাসস্থল থেকে সাপ ধরে সরিয়ে নেওয়া তাদের নীতিমালার আওতায় পড়ে না।












