সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণের লক্ষ্যে ন্যাশনালিস্ট ভলেন্টিয়ারস অফ বাংলাদেশ-এর উদ্যোগে চট্টগ্রাম নগরীতে এক মানবিক ও তাৎপর্যপূর্ণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার নগরীর ২ নম্বর গেইটস্থ চট্টগ্রাম কনভেনশন সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে এতিম, মেধাবী শিক্ষার্থী ও সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ এবং বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বিপুল সংখ্যক শিশু, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ শাহাদাত হোসেন, মেয়র, চট্টগ্রাম সিটি কর্পোরেশন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব জমির উদ্দিন নাহিদ।
ইঞ্জিনিয়ার শাখাওয়াত হোসেন শাহিন হায়াতের সভাপতিত্বে, রাসুদুল ইসলাম রাসুদের সঞ্চালনায় অনুষ্ঠানের শৃঙ্খলার দায়িত্বে ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রদল নেতা ওয়াহিদ ইমাম খান সারাত। অনুষ্ঠানে নগরীর বিভিন্ন থানা এবং ওয়ার্ডের যুবদল ছাত্রদল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ডাঃ শাহাদাত হোসেন বলেন, “সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এই শিশুদের শিক্ষার সুযোগ ও মৌলিক চাহিদা নিশ্চিত করতে সমাজের সকল শ্রেণিপেশার মানুষকে এগিয়ে আসতে হবে।”
প্রধান বক্তা জমির উদ্দিন নাহিদ বলেন, “দেশের এই দুঃসময়ে মানবিক সহমর্মিতা ও সামাজিক দায়িত্ববোধের বিকাশ অত্যন্ত জরুরি। ন্যাশনালিস্ট ভলেন্টিয়ারস অফ বাংলাদেশ সবসময় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।”
সভাপতির বক্তব্যে ইঞ্জিনিয়ার শাখাওয়াত হোসেন শাহিন হায়াত বলেন, “বেগম খালেদা জিয়ার আদর্শ থেকে অনুপ্রাণিত হয়ে আমরা মানবসেবামূলক কাজ করে যাচ্ছি। সমাজের পিছিয়ে পড়া শিশুদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।”
সভায় বক্তারা আরও বলেন, সমাজের প্রতিটি স্তরে মানবিক মূল্যবোধ জাগ্রত করতে হলে এ ধরনের উদ্যোগ নিয়মিতভাবে আয়োজন করা প্রয়োজন। একই সঙ্গে তারা খালেদা জিয়া-এর আত্মার মাগফেরাত কামনা করে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।








