নেপালের বিপক্ষে চতুর্থ ম্যাচ জিতে ৩–১ ব্যবধানে এগিয়ে থেকে আগেই কাবাডি সিরিজ নিশ্চিত করেছিল বাংলাদেশ নারী দল। ফলে জাতীয় কাবাডি স্টেডিয়ামে গতকাল অনুষ্ঠিত সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচটি স্বাগতিকদের জন্য ছিল কেবলই আনুষ্ঠানিকতার। তবে এই ম্যাচ জিতে স্বান্তনার জয় তুলে নিয়েছে সফরকারী নেপাল। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর বাংলাদেশকে ২৫–২১ পয়েন্টে হারিয়ে সিরিজের ব্যবধান কমাল তারা। আর এতে ৩–২ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিল লাল–সবুজের প্রতিনিধিরা। ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে সমানে সমান লড়াই দেখা যায়। প্রথমার্ধের খেলা শেষে ১২–১১ পয়েন্টে সামান্য ব্যবধানে এগিয়ে ছিল বাংলাদেশ। দ্বিতীয়ার্ধেও বজায় থাকে এই উত্তাপ। এক পর্যায়ে ১৭–১৭ পয়েন্টে সমতা আনে দুই দল। টানটান উত্তেজনার ম্যাচটিতে দারুণ এক সুপার রেইড করে ৩ পয়েন্ট আদায় করে নেন বাংলাদেশের মেবি চাকমা। এরপর দুর্দান্ত প্রতিরোধ গড়ে বাংলাদেশকে অল–আউট করে ৫ পয়েন্টের ব্যবধানে চালকের আসনে বসে নেপাল। নির্ধারিত সময়ে বাংলাদেশ আর ম্যাচে ফিরতে পারেনি, ফলে ২৫–২১ পয়েন্টের জয় নিয়ে মাঠ ছাড়ে নেপালি মেয়েরা। ম্যাচ হারলেও দিনশেষে ট্রফি হাতে হাসিমুখেই মাঠ ছাড়ে বাংলাদেশ দল। ম্যাচ সেরা নির্বাচিত হন নেপাল দলের অধিনায়ক মেনুকা কুমারী রাজবংশী। আর পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার অর্জন করেন বাংলাদেশের বৃষ্টি বিশ্বাস। এর আগে বাংলাদেশ ৩৪–২৪ পয়েন্টে জিতে সিরিজ শুরু করেছিল। দ্বিতীয় ম্যাচে ২৫–২০ পয়েন্ট জিতে সমতা ফেরায় নেপাল। তৃতীয় ম্যাচে ৩১–২৩ পয়েন্টে জিতে সিরিজে ফের এগিয়ে যায় বাংলাদেশ। চতুর্থ ম্যাচে ৩৪–২২ পয়েন্টের জয়ে সিরিজ নিজেদের করে নেন বৃষ্টি–খাদিজারা। খেলা শেষে পুরস্কার বিতরনী ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।












