রাউন্ড রবিন লিগে মাঠে গড়ানো এবারের সাফ চ্যাম্পিয়নশিপ অর্ধেক পথ পেরিয়ে গেলেও এখনও ফাইনালের টিকেট নিশ্চিত হয়নি কারো। পাঁচ দলের চারটিরই সম্ভাবনা বেঁচে আছে। তাই কেবল নিজেদের ম্যাচ জিতলেই চলবে না, প্রার্থনা করতে হবে অন্য ম্যাচের ফলও যেন পক্ষে থাকে। জটিল হিসেবের সামনে দাঁড়িয়ে বাংলাদেশের নজর থাকবে তাই নেপাল-ভারত ম্যাচের দিকে। দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে নেপাল। তিন ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বাংলাদেশ। দুই ম্যাচে ৩ পয়েন্ট মালদ্বীপের; সাফ চ্যাম্পিয়নশিপের রেকর্ড সাতবারের চ্যাম্পিয়ন ভারতের পয়েন্ট ২।
আগামীকাল রোববার মুখোমুখি হবে নেপাল-ভারত। তিন দিন পর নেপালের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ফিফা র্যাঙ্কিংয়ে নিচের দিকের দল শ্রীলঙ্কা ও বাংলাদেশের বিপক্ষে ড্র করা ভারতের শেষ ম্যাচের প্রতিপক্ষ সাফের বর্তমান চ্যাম্পিয়ন মালদ্বীপ; ছেত্রিদের জন্য পথটা তাই বেশ কঠিন।
পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে থাকলেও বাংলাদেশ বিশেষ দৃষ্টি রাখবে নেপাল-ভারত ম্যাচের দিকে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) শুক্রবার পাঠানো ভিডিও বার্তায় টিম ম্যানেজার সত্যজিৎ দাস রুপুও জানালেন নিজেদের হিসাব। ‘আমাদের কাছে যেটা মনে হচ্ছে, যদি খুব বেশি মিরাকল না হয়, তাহলে হয়ত নেপাল ও বাংলাদেশের মধ্যে এক দল, ভারত ও মালদ্বীপের মধ্যে একটা দল ফাইনাল খেলবে। এজন্য গুরুত্বপূর্ণ ১০ তারিখে ভারত-নেপাল ম্যাচটি। ওই ম্যাচ যদি নেপাল জিততে পারে, তাহলে তো সরাসরি কোয়ালিফাই করেই যাবে; যদি না জিততে পারে, তাহলে আমার মনে হয়, আমাদের জন্য সুযোগ উন্মুক্ত হয়ে যাবে, আমরা নেপালকে হারাতে পারলে ফাইনালে উঠব।’












