চট্টগ্রাম রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার নূরে আলম মিনাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে তিনি চট্টগ্রামের পুলিশ সুপারের দায়িত্ব পালন করে গেছেন।
এছাড়া চট্টগ্রাম রেঞ্জের উপ–পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. আনোয়ার হোসেনকে পুলিশ সদর দপ্তরে উপ–পুলিশ মহাপরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে। মঙ্গলবার (১৩ জুন) পুলিশের সাত জন উপ–মহাপরিদর্শক (ডিআইজি) ও ২২ জন পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার কর্মকর্তাকে বদলি করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ–সচিব সিরাজুম মুনীরা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।
নূরে আলম মিনা ২০২০ সালে পুলিশ সুপার থেকে উপ–পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতি নিয়ে চট্টগ্রাম ছাড়েন। তিনি ১৯৭৬ সালে গোপালগঞ্জ জেলার কাশিয়ানীর এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ হতে বিএসএস (সম্মান) ও এমএসএস সমাপ্ত করে ২০তম বিসিএসের মাধ্যমে ২০০১ সালে বাংলাদেশ পুলিশে সহকারী পুলিশ সুপার পদে যোগদান করেন।













