ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের বিভিন্ন স্থানে নৌবাহিনীর পাঁচ হাজার সদস্য মোতায়েন রয়েছে বলে জানিয়েছেন বাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। গতকাল বুধবার উপকূলীয় উপজেলা কুতুবদিয়া ও সন্দ্বীপ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। নাজমুল হাসান বলেন, অতীতের নির্বাচনে তাদের ২৭ থেকে ২৮ শর মত জনবল নিয়োগ করা হলেও এবার ‘রেকর্ড সংখ্যক’ নৌবাহিনী সদস্য মোতায়েন করা হয়েছে। খবর বিডিনিউজের।
দেশের ২৩টি উপজেলা এবং ঢাকা, চট্টগ্রাম, খুলনা সিটি করপোরেশনে মোট পাঁচ হাজার সদস্য মোতায়েন রয়েছে। এছাড়া নির্বাচনকে কেন্দ্র করে দ্বীপাঞ্চল এবং উপকূলীয় এলাকায় সাতটি নৌবাহিনী জাহাজ সার্বক্ষণিক মোতায়েন রাখা হয়েছে বলে জানান তিনি। নির্বাচনী দায়িত্ব পালনের পাশাপাশি নৌ সদস্যরা পূর্ব ও পশ্চিম সমুদ্র সীমানায় টহল বলবৎ রেখেছেন জানিয়ে বাহিনী প্রধান বলেন, ‘নৌবাহিনীর প্রতিটি সদস্য শুধু নির্বাচন নয়, দেশের সার্বিক নিরাপত্তার জন্য আমাদের নিয়মিত যে দায়িত্ব সে দায়িত্বও পালন করে যাচ্ছে।’ তিনি জানান, ভোটের দায়িত্ব পালনের সময় বাহিনীর প্রতিটি কন্টিজেন্টের সঙ্গে বডি–ওর্ন ক্যামেরা থাকবে। সেগুলোর মাধ্যমে নৌসদর দপ্তর এবং চট্টগ্রাম ও খুলনার মনিটরিং সেন্টার থেকে জানা যাবে– কোথায় কী ঘটনা দুর্ঘটনা ঘটছে। চট্টগ্রাম বিভাগীয় কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, আঞ্চলিক সমন্বয়ক, পুলিশ সুপার, উপজেলা নির্বাচনী কর্মকর্তা, উপজেলা আনসার কর্মকর্তা, অধিনায়ক র্যাব–১৫, নৌবাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার এবং নৌবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।












