জ্বালানি ও ভোজ্য তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে কৃত্রিম সংকট রোধ এবং মূল্য স্থিতিশীল রাখতে চট্টগ্রামের বহিঃনোঙ্গরে বড় ধরনের যৌথ অভিযান পরিচালনা করছে কোস্ট গার্ড। বুধবার (৮ এপ্রিল) দুপুর ১২টা থেকে শুরু হওয়া এই অভিযানে নৌবাহিনী, নৌ-পরিবহণ অধিদপ্তর এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষও অংশ নিয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, বৈশ্বিক জ্বালানি সংকটকে কেন্দ্র করে কতিপয় অসাধু ব্যবসায়ী বিভিন্ন লাইটার জাহাজে ভোজ্য ও জ্বালানি তেলসহ খাদ্যদ্রব্য অবৈধভাবে মজুত করে বহিঃনোঙ্গরে অবস্থান করছে। মূলত কৃত্রিম সংকট সৃষ্টি করে বাজার অস্থির করাই ছিল তাদের লক্ষ্য। এমন তথ্যের ভিত্তিতেই কোস্ট গার্ড বেইস চট্টগ্রামসহ অন্যান্য সংস্থার সমন্বয়ে এই যৌথ অভিযান শুরু হয়।
কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, বাজারে পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে চট্টগ্রাম বন্দর ও বহিঃনোঙ্গর এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। বন্দরের নতুন নির্দেশনা অনুযায়ী, কোনো লাইটার বা কোস্টার জাহাজ খাদ্যদ্রব্য, জ্বালানি কিংবা ভোজ্য তেল নিয়ে ৭২ ঘণ্টার বেশি নোঙর এলাকায় অবস্থান করতে পারবে না। জাহাজগুলোকে দ্রুত নিজ নিজ গন্তব্যে প্রেরণের বিষয়টি নিশ্চিত করতে নিয়মিত কাজ করছে কোস্ট গার্ড।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও জানান, আইন অমান্যকারী জাহাজের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। জনস্বার্থে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং মজুতদারদের দৌরাত্ম্য বন্ধে কোস্ট গার্ডের এই বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।














