আনোয়ারায় নিখোঁজের ৯ দিন পর ইছামতী খাল থেকে আবু ছৈয়দ (৭০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার সকাল ৯টার দিকে উপজেলা সদরের ইছামতি খালের খাদ্য গুদামের পশ্চিম পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আবু ছৈয়দ উপজেলার হাইলধর ইউনিয়ন পীরখাইন গ্রামের আব্দুর রাজ্জাক চৌধুরী বাড়ির বাসিন্দা মৃত মালেকুজ্জমানের পুত্র। পরিবারের দাবি, তিনি মানসিক ভারসাম্যহীন। গত ৯ ডিসেম্বর দুপুর ১২টায় আনোয়ারা সদরের ভাড়া বাসা থেকে তিনি নিখোঁজ হন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে গত ৯ ডিসেম্বর আনোয়ারা থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়। নিহতের পুত্র হাফেজ মো. ইকবাল (৩৩) বলেন, বাবা মানসিক ভারসাম্যহীন ছিলেন। গত ৯ ডিসেম্বর দুপুর ১২টায় আনোয়ারা সদরের ভাড়া বাসা থেকে তিনি বের হয়ে আর বাসায় ফেরেননি। ঘটনার পর আমরা থানায় একটি নিখোঁজ জিডি করেছি। বুধবার সকালে স্থানীয়ভাবে খবর পেয়ে আমার বাবার মরদেহ ইছামতি খাল থেকে উদ্ধার করি। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী জানান, ইছামতি খাল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।











