নিউ ইয়র্কে ট্রাক চাপায় বাংলাদেশি তরুণী নিহত

| বুধবার , ১ এপ্রিল, ২০২৬ at ১০:৩০ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সড়ক পারাপারের সময় ট্রাক চাপায় বাংলাদেশি এক তরুণী নিহত হয়েছে। স্থানীয় সময় গত রোববার রাত ১২টার দিকে জ্যাকসন হাইটসের কাছে উডসাইড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

১৯ বছর বয়সি নিশাত জান্নাত নিউ ইয়র্ক সিটি কলেজের শিক্ষার্থী ছিলেন। তিনি জ্যামাইকায় পারসন্স বুলেভার্ডে একটি পার্কিং গ্যারেজে রিসেপশনিস্ট হিসেবে কাজ করতেন। খবর বিডিনিউজের।

ময়লার ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয় জানিয়ে পুলিশ বলছে, ট্রাকটি রুজভেল্ট অ্যাভেনিউ ধরে পশ্চিমমুখী ছিল এবং ৬২ স্ট্রিটের উত্তরমুখী লেইনে ডানদিকে মোড় নেওয়ার সময় নিশাতকে আঘাত করে। ঘটনাস্থলেই জরুরি চিকিৎসা সেবা (ইএমএস) কর্মীরা তাকে মৃত ঘোষণা করেন। নিশাত ৪ ও ৯ বছর বয়সি দুই ছোট বোনের পাশাপাশি বড়বোন নওশিন জান্নাতকে রেখে গেছেন। নওশিন বলেন, আমার বোন খুব আশাবাদী ছিল। সবার সঙ্গে কথা বলত এবং আল্লাহর ওপর ভরসা রাখতে বলত।

নিশাতদের বাড়ি সিলেটের গোলাপগঞ্জের উত্তর ঘরগাঁওয়ে। তার বাবা হেলাল উদ্দিন স্থানীয় উডসাইডে বায়তুল জান্নাহ মসজিদের ইমাম। তিনি বলেন, সুন্দর ভবিষ্যতের প্রত্যাশায় ৮ বছর আগে এসেছি নিউ ইয়র্কে। ৪ কন্যার দ্বিতীয় ছিল নিশাত। সিটি কলেজ অব নিউ ইয়র্কে পড়াশোনার পাশাপাশি কাজ করছিল।

ট্রাকটির চালক ৩৮ বছর বয়সী এক নারী ঘটনাস্থলেই ছিলেন এবং সামান্য আঘাতের জন্য তিনি চিকিৎসা নেন। এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। নিউ ইয়র্ক পুলিশের হাইওয়ে ডিস্ট্রিক্টের কলিশন ইনভেস্টিগেশন স্কোয়াড ঘটনাটি তদন্ত করছে। ট্রাকটির মালিক কোম্পানি রয়্যাল ওয়েস্ট সার্ভিসেস এক বিবৃতিতে বলেছে, তদন্তে তারা পুলিশকে সহযোগিতা করছে।

পূর্ববর্তী নিবন্ধপিলারে মোটরসাইকেলের ধাক্কা, কিশোর নিহত
পরবর্তী নিবন্ধহরমুজ থেকে নিজেদের তেল নিজেরাই আনুন মিত্রদেশগুলোকে বললেন ক্ষুব্ধ ট্রাম্প