প্রতারণা করে অর্থ আত্মসাতের এক মামলায় চিত্রনায়িকা রুবিনা আক্তার নিঝুম, তার স্বামী মামূনুর রশীদ রাহূল, ভাই নান্নু মিঞা ও বোন মহিমা বিবির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথি বুধবার পরোয়ানা জারি করেন। খবর বাংলানিউজের।
মোছাম্মৎ সুরভী বেগম নামের এক নারী গত ২৯ জানুয়ারি মামলা দায়ের করেন। আদালত সেদিন আসামিদের ১৯ ফেব্রুয়ারি হাজির হতে সমন জারি করে। বাদীপক্ষের আইনজীবী কায়েশ আহমেদ অর্ণব বলেন, গতকাল তারা আদালতে হাজির হননি। সে কারণে আমরা গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করি। আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।
মামলায় বলা হয়েছে, বাদী সুরভী বেগম এবং আসামি নিঝুম ও রাহূল পূর্বপরিচিত এবং এক সময় তাদের মধ্যে আস্থার সম্পর্ক ছিল। সেই সুবাদে ২০২০ সালের ১ অক্টোবর সুরভীর কাছ থেকে সাড়ে ১২ লাখ টাকা ধার চান নিঝুম ও রাহূল। ১১ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত তিন দফায় তাদের সাড়ে ১২ লাখ টাকা দেন সুরভী। দুই মাসের মধ্যে টাকা ফেরত দেওয়ার শর্তে চুক্তি সই হয়। রাহূল টাকা ফেরত না দিলে বা মারা গেলে তার ভাই নান্নু টাকা ফেরত দেবেন বলে সেখানে লেখা হয়। মামলার নথিতে বলা হয়, এদিকে সুরভী বেগম গুরুতর অসুস্থ হয়ে পড়লে আর্থিক অস্বচ্ছলতা দেখা দেয়।
জরুরি ভিত্তিতে টাকার প্রয়োজনে গত বছরের ১ মে তিনি টাকা ফেরত চান। তবে নিঝুম ও রাহূল টাকা ফেরত দেবেন না বলে জানিয়ে দেন। ২২ সেপ্টেম্বর রুবিনা নিঝুম ও রাহূলের বনশ্রীর বাসায় গিয়ে টাকা ফেরত চান সুরভী। কিন্তু তারা টাকা দিতে রাজি না হয়ে উল্টো প্রাণে মেরে ফেলার হুমকি দেন বলে বাদীর অভিযোগ। অভিযোগের বিষয়ে রুবিনা আক্তার নিঝুম বা তার স্বামী মামূনুর রশীদ রাহূলের বক্তব্য জানার চেষ্টা করছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।












