নগরীর নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়ে গতকাল বৃহস্পতিবার নাগরিক সচেতনতা বৃদ্ধিতে ‘সবুজ সমাবেশ’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গ্রিন টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড ভলান্টিয়ারিংয়ের (জি–টেভ) আয়োজনে এবং দ্য ক্লাইমেট ওয়াচের কারিগরি সহায়তায় শিক্ষার্থীদের পরিবেশ সংরক্ষণ, বর্জ্য ব্যবস্থাপনা ও বিদ্যুৎ সাশ্রয় বিষয়ে সচেতন করা হয়।
আয়োজকরা জানান, বর্তমান সময়ে খাদ্য, পানি ও বিদ্যুতের অপচয় পরিবেশের ওপর মারাত্মক প্রভাব ফেলছে। বিশেষ করে নগরীর বর্জ্য, পানি নিষ্কাশন ও পরিবেশের সামগ্রিক প্রেক্ষাপটে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা তৈরি এবং দায়িত্বশীল আচরণ গড়ে তোলাই এ ধরনের কার্যক্রমের মূল উদ্দেশ্য। শিক্ষার্থীদের বাগান কার্যক্রমে উৎসাহিত করতে বিভিন্ন প্রকার সবজির বীজ সরবরাহ করা হয় এবং বর্জ্য থেকে কম্পোস্ট সার তৈরির বিষয়টি হাতে কলমে শেখানো হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা আক্তার, বিশেষ অতিথি ছিলেন সিনিয়র শিক্ষক মো. ইকবাল আজম চৌধুরী। কার্যক্রমটি পরিচালনা ও বাস্তবায়ন করেন মো. তৌহিদুল ইসলাম ও আনোয়ার–উস–সাকলাইন। উপস্থিত ছিলেন মো. শাহরিয়ার ইসলাম, মশিউর ইসলাম রাজু, মো. সাখাওয়াতুর রহমান, মো. শহিদুল ইসলাম প্রমুখ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের কেবল পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে বাস্তব জীবনে পরিবেশ রক্ষায় সক্রিয় হতে উদ্বুদ্ধ করে।
আয়োজক সংগঠন দ্য ক্লাইমেট ওয়াচ ও জি–টেভের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের পরিবেশবান্ধব কার্যক্রম পরিচালনার মাধ্যমে একটি সচেতন ও টেকসই প্রজন্ম গড়ে তোলার প্রচেষ্টা অব্যাহত থাকবে। প্রেস বিজ্ঞপ্তি।














