নামিবিয়াকে হারিয়ে সুপার এইটের আশা যুক্তরাষ্ট্রের

| সোমবার , ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ at ১১:০২ পূর্বাহ্ণ

এ’ গ্রুপে নিজেদের চতুর্থ ও শেষ ম্যাচে নামিবিয়াকে ৩১ রানে হারিয়ে টিটোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে খেলার আশা বাঁচিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র। ৪ ম্যাচে ২টি করে জয় ও হারে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে আছে যুক্তরাষ্ট্র। গ্রুপে অন্য ম্যাচগুলোর ফলাফলের উপর নির্ভর করছে যুক্তরাষ্ট্রের সুপার এইটে খেলা। ৩ ম্যাচের সবগুলোতে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে নামিবিয়া। চেন্নাইয়ে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল ও সঞ্জয় কৃষ্ণমূর্তির জোড়া হাফসেঞ্চুরিতে ২০ ওভারে ৪ উইকেটে ১৯৯ রানের বড় সংগ্রহ পায় যুক্তরাষ্ট্র। ৩টি করে চারছক্কায় ৩০ বলে ৫২ রান করেন প্যাটেল। চার নম্বরে নেমে ২০৬ স্ট্রাইক রেটে ৩৩ বলে ৬৮ রানের অনবদ্য ইনিংস খেলেন কৃষ্ণমূর্তি। তার ইনিংসে ৪টি চার ও ৬টি ছক্কা ছিল। নামিবিয়ার উইলেম মাইবার্গ ও জেরার্ড এরাসমুস ২টি করে উইকেট নেন। ২০০ রানের লক্ষ্যে খেলতে নেমে টপ অর্ডার ব্যাটারদের দৃঢ়তায় ১২ ওভারে ২ উইকেটে ১০৯ রান তুলে দারুণ জবাব দিচ্ছিল নামিবিয়া। কিন্তু মিডল অর্ডার ব্যাটাররা বড় ইনিংস খেলতে না পারায় ২০ ওভারে ৬ উইকেটে ১৬৮ রানের বেশি তুলতে পারেনি নামিবিয়া। দলের হয়ে ওপেনার লোরেন স্টিনক্যাম্প ৩৯ বলে সর্বোচ্চ ৫৮ রান করেন। যুক্তরাষ্ট্রের শ্যাডলি ভ্যান শাকউইক ২ উইকেট শিকার করেন। ব্যাট হাতে দলের জয়ে অবদান রেখে ম্যাচ সেরা হন যুক্তরাষ্ট্রের কৃষ্ণমূর্তি।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে এনপিএলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
পরবর্তী নিবন্ধরাইজিং স্টার্স নারী এশিয়া কাপে পাকিস্তানকে হারাল ভারত