নানার বাড়ি থেকে আর ফেরা হলো না মণির, প্রাণ গেল মামাতো বোনেরও

চকরিয়া ও মহেশখালীতে পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু

আজাদী ডেস্ক | বৃহস্পতিবার , ২ এপ্রিল, ২০২৬ at ৬:১৬ পূর্বাহ্ণ

কক্সবাজারের চকরিয়া ও মহেশখালীতে পৃথক দুটি ঘটনায় পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার চকরিয়ায় মামাতোফুফাতো দুই বোন এবং মঙ্গলবার মহেশখালীর মাতারবাড়ীতে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়। অসাবধানতাবশত পুকুরে পড়ে যাওয়ার ফলে এই হৃদয়বিদারক ঘটনাগুলো ঘটেছে। এতে সংশ্লিষ্ট এলাকাগুলোতে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

চকরিয়া প্রতিনিধি জানান, উপজেলার ডুলাহাজারা থেকে মায়ের সঙ্গে নানার বাড়িতে বেড়াতে এসেছিল আট বছরের বকেয়া মণি। এসেই সঙ্গ পেয়ে যায় মামাতো বোন পাঁচ বছরের হুরিফা জান্নাতের। তাই গত দুদিন ধরে তারা একসাথেই এদিকসেদিক ঘুরে বেড়াচ্ছিল। একইভাবে গতকাল দুপুরে মামাতোফুফাতো এই দুই বোন খেলছিল পার্শ্ববর্তী পুকুর পাড়ে। কিন্তু খেলার ছলে তারা পুকুরে পড়ে যায়। সেখানেই পানিতে ডুবে মৃত্যু হয় তাদের।

গতকাল দুপুরে মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে উপজেলার উপকূলীয় চিরিঙ্গা ইউনিয়নের সওদাগরঘোনার চারাবটতলী গ্রামে। মারা যাওয়া বকেয়া মণি ডুলাহাজারা ইউনিয়নের রিংভং গ্রামের হেলাল উদ্দিনের কন্যা এবং হুরিফা জান্নাত চিরিঙ্গা ইউনিয়নের সওদাগর ঘোনার চারাবটতলী গ্রামের মিরাজ উদ্দিনের কন্যা।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে বাড়ি থেকে প্রায় একশ গজ দূরে পুকুরপাড়ে খেলতে গিয়ে নিখোঁজ হয় ওই দুই শিশুকন্যা। দীর্ঘক্ষণ খোঁজ না পেয়ে উদ্বিগ্ন স্বজনরা পুকুরে তল্লাশি চালিয়ে তাদের নিথর দেহ উদ্ধার করেন। উদ্ধারের সময় তাদের মুখ দিয়ে ফেনা ও রক্ত বেরুচ্ছিল। দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন। তিনি বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তর করা হয়েছে।

মহেশখালী প্রতিনিধি জানান, উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের উত্তর রাজঘাট এলাকায় পুকুরে ডুবে আরিয়ান নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে নিজ বাড়ির পুকুর থেকে ভাসমান অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। আরিয়ান উত্তর রাজঘাট এলাকার বাসিন্দা ও ইউনিয়ন যুবদল নেতা শহীদুল ইসলাম সুমনের একমাত্র সন্তান।

স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটি বাড়ির উঠানে খেলতে গিয়ে অসাবধানতাবশত পরিবারের লোকজনের অজ্ঞাতসারে বাড়ির সামনের পুকুরের পানিতে পড়ে যায়। পরবর্তীতে শিশুটিকে বাড়িতে দেখতে না পেয়ে পরিবারের লোকজন উদ্বিগ্ন হয়ে পড়ে এবং আশপাশের এলাকায় খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে বাড়ির সামনের পুকুরে ভাসমান অবস্থায় তার মৃতদেহ পাওয়া যায়।

মাতারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস.এম. আবু হায়দার বলেন, ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। আমরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। অভিভাবকদের প্রতি আমার বিশেষ অনুরোধছোট শিশুদের কখনোই একা ছেড়ে দেবেন না। বিশেষ করে বাড়ির আশেপাশে পুকুর বা জলাশয় থাকলে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।

পূর্ববর্তী নিবন্ধদায়িত্ব নিলেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী
পরবর্তী নিবন্ধবাংলাদেশের ৬ জাহাজ শিগগির হরমুজ পার হবে, আশা ইরানি রাষ্ট্রদূতের