ছড়াকার মিজানুর রহমান শামীম বলেছেন, নতুন প্রজন্মের মেধা ও মনন বিকাশে ছড়া ও সাহিত্যের ভূমিকা অপরিসীম। ছড়া কেবল বিনোদনের মাধ্যম নয়, এটি সমাজ পরিবর্তনের হাতিয়ার। বইমেলার এই আয়োজন আমাদের সাংস্কৃতিক চেতনাকে আরও শাণিত করবে। চসিকের এই ১৯ দিনের বইমেলা চট্টগ্রামের পাঠক ও লেখকদের মিলনমেলায় পরিণত হয়েছে।
তিনি গতকাল বুধবার জেলা স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মাঠে স্বাধীনতা বইমেলার আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে ১৯ দিনব্যাপী বই মেলার ৯ম দিনে ছড়াকারদের অংশগ্রহণে ছড়া উৎসব ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মিজানুর রহমান শামীম বলেন, রাজনৈতিক আন্দোলন গড়ে তোলা ও গণঅভ্যুত্থানে মানুষকে উৎসাহিত করতে ছড়া গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। দেওয়ালে দেওয়ালে লেখা অসংখ্য ছড়া পরে স্লোগানের মতো মানুষের মুখে ছড়িয়ে পড়ে। জুলাই আন্দোলনে মিছিল, রক্ত, কান্না ও আত্মত্যাগের পাশাপাশি কবিতা ও ছড়ায়ও ইতিহাস রচিত হয়েছে।
অনুষ্ঠানে বেতার ও টেলিভিশনের শিল্পী ইকবাল পিন্টু ও রিফাত চৌধুরী লিজা সংগীত পরিবেশন করেন এবং চসিকের প্রিমিয়ার কলেজ, কৃষ্ণকুমারী বালিকা উচ্চ বিদ্যালয় এবং পাথরঘাটা মেনকা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন।
সভায় বিশেষ আলোচক ছিলেন অধ্যক্ষ আবু তালেব বেলাল। ছড়াপাঠ করেন জসীম মেহবুব, উৎপলকান্তি বড়ুয়া, বিপুল বড়ুয়া, সৈয়দ খালেদুল আনোয়ার, ফারজানা রহমান শিমু, ড. সৌরভ শাখাওয়াত। অনুষ্ঠান পরিচালনা করেন শাহাব উদ্দিন হাসান বাবু। প্রেস বিজ্ঞপ্তি।













