জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জয়ন্তী উপলক্ষে সরকার ঘোষিত নজরুল বর্ষের অংশ হিসাবে নিষ্পাপ অটিজম ফাউন্ডেশন পরিচালিত নিষ্পাপ সমন্বিত বিদ্যালয়ের ছাত্র–ছাত্রী ও নিষ্পাপ অটিজম স্কুলের বিশেষ শিশুদের অংশগ্রহণে আয়োজিত বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত শুক্রবার চট্টগ্রামের নন্দীরহাটে অবস্থিত মায়াকানন–ভবনের তাহমিনা রহমান কনফারেন্স হলে এই জাকজমকপূর্ণ অনুষ্ঠান আয়োজিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন অধ্যাপক, অর্থোপেডিক বিশেষজ্ঞ ও ট্রমা সার্জন অধ্যাপক ডা. ইকবাল হোসেন। মূল অনুষ্ঠান উদ্বোধন করেন নিষ্পাপ অটিজম ফাউন্ডেশনের উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান জহিরুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান অধ্যাপক (ডা.) নাসিমা আক্তার, অধ্যাপক ডা. নাসরিন বানু। ফাউন্ডেশন যুগ্ম–সম্পাদক অধ্যাপক টিংকু চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিষ্পাপ অটিজম ফাউন্ডেশনের সভাপতি প্রফেসর ডা. বাসনা মুহুরী। এছাড়া স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক প্রকৌ. ঝুলন কুমার দাশ। বক্তব্য রাখেন লায়ন তপন কান্তি দত্ত ও অধ্যক্ষ সোমা চক্রবর্তী। পরে বিজয়ীদের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার তুলে দেন। অতিথিরা তাঁদের বক্তব্যে অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশুদের মানসিক বিকাশ ও সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে এ ধরনের আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।












