নগরীতে কানেক্টিং চিটাগাংয়ের মোটর শোভাযাত্রা

| মঙ্গলবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৬ at ১১:০৯ পূর্বাহ্ণ

পতেঙ্গা জিরো পয়েন্ট থেকে শুরু করে কালুরঘাট পর্যন্ত বাংলাদেশ ন্যাশনালিস্ট ভলেন্টিয়ার্সের উদ্যোগে এবং ‘কানেক্টিং চিটাগাং’ ইভেন্টের আওতায় এক বাইক ও মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার চট্টগ্রাম মহানগর যুবদল নেতা ইঞ্জিনিয়ার শাখাওয়াত হোসেন শাহীন হায়াতের সার্বিক তত্ত্বাবধানে এবং চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি মিঠু তালুকদারের বিশেষ সহযোগিতায় আয়োজিত এই কর্মসূচিতে কয়েকশ মোটরসাইকেল ও গাড়ির বহর অংশ নেয়। এই আয়োজনের মূল থিম ছিল চট্টগ্রামের অর্থনৈতিক গুরুত্ব ও ঐতিহাসিক ঐতিহ্যের মধ্যে একটি সেতুবন্ধন তৈরি করা। আয়োজকরা জানান, চট্টগ্রাম বন্দর হচ্ছে পুরো দেশের ‘নার্ভাস সিস্টেম’ বা স্নায়ুতন্ত্র, আর সেই অর্থনৈতিক হৃদপিণ্ড থেকে শুরু হওয়া এই যাত্রা আজ সফলভাবে শেষ হয়েছে ঐতিহাসিক কালুরঘাট বেতার কেন্দ্রে গিয়েযেখান থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। ফলে এই যাত্রা শুধুমাত্র একটি সাধারণ নির্বাচনী ক্যাম্পেইন ছিল না, বরং এটি চট্টগ্রামের অর্থনীতিকে তার বীরত্বগাথা ঐতিহ্য ও জাতীয় সার্বভৌমত্বের সাথে পুনরায় সংযুক্ত করার একটি প্রতীকী প্রয়াস। এই অনন্য মেলবন্ধন আগামী দিনের একটি গতিশীল ও সমৃদ্ধ চট্টগ্রামের শক্তিশালী বার্তা প্রদান করে। কর্মসূচিতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদল নেতা রাসুদুল ইসলাম রাসুদ, আরমান চৌধুরী, চট্টগ্রাম মহানগর ছাত্রদল নেতা ওয়াহিদ ইমাম খান সারাত, পাহাড়তলী থানা যুবদল নেতা কায়সার হামিদ জেবিন, ইপিজেড থানা যুবদল নেতা মো. অনিক, ডবলমুরিং থানা যুবদল নেতা ফারুক খান সহ জেলা ও মহানগরের বিপুল সংখ্যক নেতাকর্মী। শোভাযাত্রা চলাকালীন পুরো পথজুড়ে নেতাকর্মীদের হাতে ধানের শীষ সম্বলিত ব্যানার ও ফেস্টুন দেখা যায় এবং তারা জনগণের কাছে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনানা আয়োজনে চট্টগ্রাম বিজিএমইএ বিশ্ববিদ্যালয়ে পিঠা উৎসব
পরবর্তী নিবন্ধসমপ্রীতির রাঙ্গুনিয়া গড়তে মোমবাতিতে ভোট দিন