নওজোয়ান গ্রীণের তৃতীয় লিটল ব্রাদার্সের দ্বিতীয় জয়

সিসিএস ট্যালেন্ট কাপ ক্রিকেট

ক্রীড়া প্রতিবেদক | রবিবার , ৫ এপ্রিল, ২০২৬ at ৭:৫৭ পূর্বাহ্ণ

সিসিএস ট্যালেন্ট কাপ টিটোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে আগ্রাবাদ নওজোয়ান গ্রীণ তৃতীয় এবং লিটল ব্রাদার্স দ্বিতীয় জয়ের দেখা পেয়েছে। গতকাল শনিবার চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের ৫ম রাউন্ডে ‘ডি’ গ্রুপে দিনের প্রথম খেলায় নওজোয়ান গ্রীণ ৫ রানের ব্যবধানে কোয়ালিটি ব্লুজকে পরাজিত করে। চারটি খেলার প্রথমটিতে নওজোয়ান হেরে গেলেও পরের তিনটি খেলায় টানা জয় পেয়েছে তারা। অন্যদিকে কোয়ালিটি তাদের পাঁচ খেলা শেষ করেছে। দুই জয়ে তাদের পয়েন্ট ৪। গতকাল টসে হেরে নওজোয়ান গ্রীণ প্রথমে ব্যাট করতে নামে। নির্ধারিত ২০ ওভার খেলে ৮ উইকেটে ১০৫ রান করে তারা। দলের পক্ষে আবতাহী মাজহার ২০,হাবিব খান ১৯,ইমতিয়াজ দিপু ১৭,তুষার শীল ১৫ এবং গাজী সায়েম ১১ রান করেন। কোয়ালিটির পক্ষে ইনজামুল হক ও ওসমান গনি ২টি করে উইকেট নেন। ১টি করে উইকেট পান এরশাদ হোসেন,আবদুল্লাহ সাইদ এবং ইমতিয়াজ হোসেন।

জবাবে কোয়ালিটি জয়ের কাছাকাছি এসেও ব্যর্থ হয়। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে তারা ১০০ রান তুলতে সমর্থ হয়। দলের পক্ষে আশরাফুল হাসান ২৬,দীপ্ত দাশ ১৯,এরশাদ হোসেন ১৩,ইমতিয়াজ হোসেন ১১ এবং আজমাইন ইকতেদার ১০ রান করেন। নওজোয়ান গ্রীণের চৌধুরী সোহাম ২৬ রান দিয়ে ৩টি উইকেট লাভ করেন। প্লেয়ার অব দি ম্যাচও নির্বাচিত হন তিনি। তার হাতে পুরস্কার তুলে দেন শতদল জুনিয়রের সেক্রেটারী আহসান হাবিব ছোটন এবং সাবেক ক্রিকেটার আকতারউদ্দিন ডালিম। ১টি করে উইকেট পান রাকিব উদ্দিন,গাজী সায়েম এবং রাফিউল আলম।

দিনের অপর ম্যাচে লিটল ব্রাদার্স ২ উইকেটে রেলওয়ে রেঞ্জার্সকে পরাজিত করে। লিটল ব্রাদার্স পাঁচ ম্যাচ শেষে দুটি জয়ে ৪ পয়েন্ট পেয়েছে। রেলওয়ে প্রথম খেলা জেতার পরে টানা তিন ম্যাচ হেরেছে। গতকাল টসে জিতে রেলওয়ে প্রথমে ব্যাট করতে নামে। ১৯ ওভার খেলে ৯৪ রান সংগ্রহ করে তারা সবাই আউট হয়ে যান। দলের পক্ষে এস আর করিম সর্বোচ্চ ২৮ রান করেন। এছাড়া মো. আদিল ১৭,শরিফুল ইসলাম ১২ এবং সিয়াম জাহাঙ্গীর ১০ রান করেন। বাকিদের কেউ দু’অংকের ঘরে যেতে পারেনি। লিটল ব্রাদার্সের পক্ষে পারভেজ মিয়া ১০ রান দিয়ে ৩টি উইকেট তুলে নেন। এছাড়া ২টি করে উইকেট পান সাব্বির হাসান, মুন মল্লিক এবং ওমর ফারুক।

জবাবে লিটল ব্রাদার্স ১৯.৪ ওভারে ৮ উইকেট হারিয়ে ৯৫ রান তুলে নেয়। দলের হয়ে ওমর ফারুক সর্বোচ্চ ২৫ রান করেন। এছাড়া সাইয়েদ আমিনুল ১৬, ইবনুল মাহিন ১৪ এবং মো. তৌফিক ১০ রান করেন। রেলওয়ের এস আর করিম ১৭ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন। ১টি করে উইকেট পান ইমতিয়াজ আলম,মো. আদিল এবং আইউব। প্লেয়ার অব দি ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের ওমর ফারুক। তার হাতে পুরস্কার তুলে দেন লিটল ব্রাদার্সের সেক্রেটারি মুজিব ইমরান বিপ্লব এবং সাবেক ক্রিকেটার সাফাত হোসেন রোহিত।

পূর্ববর্তী নিবন্ধবাঁ-হাতি পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী মোস্তাফিজ
পরবর্তী নিবন্ধএবার ‘বিদায়’ দিয়ে ফিরছেন দীঘি