ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির ভোট দাঁড়িয়েছে প্রায় পৌনে চার কোটি; যা প্রদত্ত ভোটের ৪৯ দশমিক ৯৭ শতাংশ। ধানের শীষ প্রতীকে লড়াই করে ২৯১ জন এ ভোট পেয়েছেন। ইতোমধ্যে দলটি ২০৯ আসন পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে। আর বাংলাদেশ জামায়াত ইসলামী এ যাবৎ ভোট ও আসনের রেকর্ড গড়েছে; এবার দাঁড়িপাল্লা পেয়েছে সোয়া দুই কোটির বেশি ভোট, যা ৩১ দশমিক ৭৬ শতাংশ। ৬৮টি আসন পেয়ে দলটি দ্বিতীয় অবস্থানে রয়েছে। খবর বিডিনিউজের।
সংসদ ও গণভোট হয়েছে গত বৃহস্পতিবার। এর তিন দিন পর গতকাল নির্বাচন কমিশন সচিবালয় থেকে ভোটের হিসাব প্রকাশ করে। ভোটের পর দিন শুক্রবার দলভিত্তিক ফল ও ভোটের হার তুলে ধরে ইসি সচিব আখতার আহমেদ বলেন, সংসদ নির্বাচনের ভোটের হার ৫৯ দশমিক ৪৪ শতাংশ (২৯৭ আসনে)। আর গণভোট পড়েছে ৬০ দশমিক ২৬ শতাংশ (২৯৯ আসনে)। ৫০টি দল ভোটে অংশ নিলেও ২৯৭ আসনে মাত্র ৭টি দল জয় পেয়েছে।
এবারের নির্বাচনে এখন পর্যন্ত ২৯৭ আসনের ফল ঘোষণা করা হয়েছে। এরমধ্যে বিএনপি জিতেছে ২০৯ আসনে; জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন। জামায়াতের ১১ দলীয় জোটের শরিকদের মধ্যে এনসিপি ছয়টি, বাংলাদেশ খেলাফত মজলিস দুটি ও খেলাফত মজলিশ একটি আসন পেয়েছে। অন্যদিকে বিএনপির সঙ্গে থাকা গণঅধিকার পরিষদএকটি, বাংলাদেশ জাতীয় পার্টি–বিজেপি একটি ও গণসংগতি আন্দোলন একটি আসনে জয় পেয়েছে। জোটের বাইরে ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি ও স্বতন্ত্র প্রার্থীরা সাতটি আসনে জয় পেয়েছেন।
দলের প্রার্থীরা কত ভোট পেল : লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ১৩ প্রার্থীর (ছাতা) ০.৩৫%। বাইসাইকেল প্রতীকে জাতীয় পার্টির (জেপি) ১০ জন ০.০৪%। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ৬৫ জন কাস্তে প্রতীকে পেয়েছেন ০.০৮%। ধানের শীষ নিয়ে বিএনপির ২৯০ জন পেয়েছেন ৪৯.৯৭%। গণতন্ত্রী পার্টির ১ জন (কবুতর) ০.০০%। জাতীয় পার্টির ১৯৯ জন লাঙ্গল প্রতীকে ০.৮৯%। বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২২৮ জন দাঁড়িপাল্লা প্রতীকে ৩১.৭৬%। জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) ২৮ জন ০.০৪%। জাকের পার্টির ৫ জন গোলাপ প্রতীকে ০.০২%। বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) ৩৫ জন মই প্রতীকে ০.০৫%। বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) ২ জন গরুর গাড়ির প্রতীকে ০.১৪%। বাংলাদেশ খেলাফত আন্দোলনের ৮ জন বটগাছ প্রতীকে ০.০১%। বাংলাদেশ মুসলিম লীগের ১৬ জন হারিকেন প্রতীকে ০.০১%। ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) ২২ জন আম প্রতীকে ০.০১%। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশেল ৪ জন খেজুর গাছ প্রতীকে ০.৪৭%। গণফোরামের ২০ জন উদীয়মান সূর্য প্রতীকে ০.০১%। গণফ্রন্টের ৫ জন মাছ প্রতীকে ০.০০%। বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির ১ জন গাভী প্রতীকে ০.০১%। বাংলাদেশ জাতীয় পার্টির ৬ জন কাঁঠাল প্রতীকে ০.০০%। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের ২০ জন চেয়ার প্রতীকে ০.০৮%। বাংলাদেশ কল্যাণ পার্টির ২ জন হাতঘড়ি প্রতীকে ০.০০%। ইসলামী ঐক্যজোটের ২ জন মিনার প্রতীকে ০.০০%। বাংলাদেশ খেলাফত মজলিসের ৩৪ জন রিক্সা প্রতীকে ২.০৯%। ইসলামী আন্দোলন বাংলাদেশের ২৫৮ জন হাতপাখা প্রতীকে ২.৭০%। বাংলাদেশ ইসলামী ফ্রন্টের ২৫ জন মোমবাতি প্রতীকে ০.৪৫%। জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) ১ জন চশমা প্রতীকে ০.০০%। বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ৭ জন কোদাল প্রতীকে ০.০৪%। খেলাফত মজলিসের ২০ জন দেওয়াল ঘড়ি প্রতীকে ০.৭৬%। বাংলাদেশ মুসলিম লীগের (বিএমএল) ৪ জন হাত পাঞ্জা প্রতীকে ০.০০%। বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের (মুক্তিজোট) ২০ জন ছড়ি প্রতীকে ০.০১%। বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) ৮ জন টেলিভিশন প্রতীকে ০.০০%। জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) ৮ জন সিংহ প্রতীকে ০.০০%। বাংলাদেশ কংগ্রেসের ১৮ জন ডাব প্রতীকে ০.০১%। ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের ৪২ জন আপেল প্রতীকে ০.০৩%। বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দলের (বাংলাদেশ জাসদ) ১৫ জন মোটরযান প্রতীকে ০.০২%। বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) ১৮ জন একতারা প্রতীকে ০.০৪%। আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) ৩০ জন ঈগল প্রতীকে ০.২৮%। গণঅধিকার পরিষদের (জিওপি) ৯৪ জন ট্রাক প্রতীকে ০.৩৩%। নাগরিক ঐক্যের ১১ জন কেটলি প্রতীকে ০.০১%। গণসংহতি আন্দোলনের ১৭ জন মাথাল প্রতীকে ০.১৪%। বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির ২ জন ফুলকপি প্রতীকে ০.১৭%। বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির (বিএমজেপি) ৮ জন রকেট প্রতীকে ০.০১%। বাংলাদেশ লেবার পার্টির ১৭ জন আনারস প্রতীকে ০.০১%। বাংলাদেশ রিপাবলিকান পার্টির (বিআরপি) ১৪ জন হাতি প্রতীকে ০.০২%। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৩২ জন শাপলা কলি প্রতীকে ৩.০৫%। বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) ৩২ জন কাঁচি প্রতীকে ০.০২%। জনতার দলের ২০ জন কলম প্রতীকে ০.০৫%। আমজনতার দলের ১৫ জন প্রজাপতি প্রতীকে ০.০১%। বাংলাদেশ সমঅধিকার পার্টির (বিইপি) ১ জন দোয়াত কলম প্রতীকে ০.০০%। বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ৩ জন বই প্রতীকে ০.০৪% ভোট পেয়েছেন।












