চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, ধর্ম–বর্ণ নির্বিশেষে সব সমপ্রদায়ের মানুষের কল্যাণে কাজ করছে জেলা পরিষদ। মসজিদ, মন্দির, বৌদ্ধবিহারসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ের উন্নয়নে জেলা পরিষদের সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করা হচ্ছে। বাংলাদেশে মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান সমপ্রদায়ের মানুষ পাশাপাশি বসবাস করেন। সবার মধ্যে সমপ্রীতি ও ঐক্যের বন্ধন অটুট রাখতে হবে। যত দিন বাংলাদেশ থাকবে, তত দিন এই ঐক্যও বজায় রাখতে হবে।
রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যায় নগরের কাতালগঞ্জ নব পণ্ডিত বিহারে শুভ প্রবারণা পূর্ণিমা ও ফানুস উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কাতালগঞ্জ নব পণ্ডিত বিহারের উন্নয়নকাজ প্রসঙ্গে শামীম বলেন, বিহারের একটি উন্নয়নকাজ চার বছরেও শেষ না হওয়ার বিষয়টি আমাকে অবগত করা হয়েছে। কাজটি দ্রুত শেষ করার জন্য সংশ্লিষ্ট প্রকৌশলীদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। নব পণ্ডিত বিহারের অধ্যক্ষ অধ্যাপক ড. উপানন্দ মহাথের সভাপতিত্বে ও বিজয় বড়ুয়া বাপ্পার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সহসভাপতি কমলেন্দু বিকাশ বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ ড. সুব্রুত বরণ বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ চট্টগ্রামের সভাপতি প্রকৌশলী পরিতোষ কুমার বড়ুয়া, সহসভাপতি অঞ্চল কুমার তালুকদার, বিনয় ভূষণ বড়ুয়া, ড. দীপকর জ্ঞান বড়ুয়া, স্বদেশ কুমার চৌধুরী, কাগজ কান্তি বড়ুয়া, মানস কুমার বড়ুয়া, সুমন বড়ুয়া, প্রণব রাজ বড়ুয়া, সমীরণ বড়ুয়া, প্রকৌশলী ঝুলেন বড়ুয়া, শুভাশীষ বড়ুয়া ও সৌমেন বড়ুয়া প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।











