দ্রুত সময়ের মধ্যে নিজের নির্বাচনী এলাকার প্রচারণামূলক সকল ব্যানার, ফেস্টুন ও পোস্টার অপসারণের জন্য দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম–১০ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সাঈদ আল নোমান। গতকাল শনিবার এ নির্দেশনা দেন তিনি।
সাঈদ আল নোমান বলেন, পরিবর্তনের সূচনা আমাদের থেকেই হোক। নির্বাচনী শালীনতা, পরিবেশ সুরক্ষা ও জনদুর্ভোগ কমাতে অবিলম্বে সকল ব্যানার অপসারণ করতে হবে। আমাদের দায়িত্বশীল রাজনীতির চর্চা এখনই শুরু হয়েছে। তিনি বলেন, আমরা বিশ্বাস করি এ ধরনের উদ্যোগ নির্বাচনোত্তর সৌহার্দ্য ও শালীন রাজনীতির ইতিবাচক দৃষ্টান্ত তৈরি করবে। পরিবেশ ও জনস্বার্থে এমন ঘোষণা রাজনীতিতে নতুন মানদণ্ড স্থাপন করতে পারে।










