চন্দনাইশের দোহাজারী পৌরসভার বার্মা কলোনিতে যৌথবাহিনী অভিযান চালিয়েছে। এ সময় ৩৪৫ জন অবৈধ রোহিঙ্গা নারী–পুরুষকে আটক করা হয়। গত বুধবার রাতভর পৌরসভার ২ নং ও ৭ নং ওয়ার্ডে অবস্থিত বার্মা কলোনিতে এ অভিযান চালানো হয়।
সেনাবাহিনী জানায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অপরাধপ্রবণ এলাকা হিসেবে আইনশৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়। গত বুধবার দিবাগত মধ্যরাত থেকে শুরু হয় অভিযান। এ সময় বার্মা কলোনিকে যৌথবাহিনী চারদিক থেকে ঘিরে প্রতিটি বাড়িতে তল্লাশি চালিয়ে ৩৪৫ জন রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়। এরমধ্যে ১৭৬ জন পুরুষ, ৮৬ জন মহিলা, ৮৩ জন অপ্রাপ্তবয়স্ক। পরে আটককৃতদের এক জায়গায় জড়ো করা হয় এবং চন্দনাইশ থানা ও উপজেলা প্রশাসনের সহায়তায় আটককৃতদের গতকাল বৃহস্পতিবার বিকেলে কয়েকটি যাত্রীবাহী বাসযোগে তাদের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের (আরআরআরসি) তত্ত্বাবধায়নে কক্সবাজার জেলার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে স্থানান্তরিত করা হয়।












