চন্দনাইশের দোহাজারী পৌরসভায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ দিতে এসে নেতাকর্মীদের ভিড়ে মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় তার সাথে মঞ্চে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম–১৪ আসনের সংসদ সদস্য জসীম উদ্দীন আহমদ, চট্টগ্রাম–১২ আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম, চট্টগ্রাম–৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ, চট্টগ্রাম– ৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান, চট্টগ্রাম জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিছ মিয়াসহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।
মন্ত্রী গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে গাড়ি থেকে নেমে হেঁটে মঞ্চে ওঠেন। এরপর অতিরিক্ত নেতৃবৃন্দের চাপে মঞ্চ ভেঙে মন্ত্রীসহ নিচে পড়ে যান। এসময় তিনি মঞ্চ থেকে সরে এসে তার বক্তব্য প্রদান শেষে ক্ষতিগ্রস্ত কয়েকজনকে ত্রাণের প্যাকেট তুলে দেন। পরে স্থান ত্যাগ করে পার্শ্ববর্তী সাতকানিয়া উপজেলায় যান। ঘটনাস্থল থেকে একটু দূরে অবস্থানকারী আহমদ নবী, মহসিনসহ আরো কয়েকজন জানান, গাড়ি থেকে নেমে মন্ত্রী মঞ্চে উঠেন। এসময় তার সাথে মঞ্চে উঠার প্রতিযোগিতা শুরু হয় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে। মন্ত্রী মঞ্চে ২ থেকে ৩ মিনিট অবস্থান করেছেন। এসময় নেতাকর্মীদের ভারে মঞ্চটি হুড়মুড় করে ভেঙে পড়ে।
এদিকে মন্ত্রী স্থান ত্যাগ করার পরপর স্থানীয় নেতৃবৃন্দ ত্রাণ বিতরণ করার সময় ত্রাণ নিতে আসা কয়েক হাজার নারী–পুরুষ শুরু করে ঠেলাঠেলি ও হুড়োহুড়ি। এসময় ঠেলাঠেলি ও হুড়োহুড়িতে নারী–পুরুষসহ কমপক্ষে ১০ জন আহত হয়। আহতদের মধ্যে কয়েকজনকে দোহাজারী হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।
চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমান সাংবাদিকদের বলেন, মন্ত্রী মহোদয় ত্রাণ বিতরণের জন্য মঞ্চ উঠলে মঞ্চ ভেঙে উপস্থিত সবাই নিচে পড়ে যান। তবে এতে কেউ হতাহত হননি। মন্ত্রী চলে যাওয়ার পর ত্রাণ নিতে গিয়ে হুড়োহুড়িতে আহত হওয়ার বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন বলে জানিয়েছেন।












