জ্বালানি সাশ্রয়ে সন্ধ্যা ৬ টার পরিবর্তে ৭টা পর্যন্ত দোকান, মার্কেট ও শপিংমল খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত গতকাল সচিবালয়ে বলেন, দোকান মালিক সমিতির আবেদন পুনর্বিবেচনা করে নতুন এই সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি বলেন, ‘সেক্ষেত্রে সন্ধ্যা ৭টা পর্যন্ত দোকান খোলা রাখা যাবে।’ খবর বিডিনিউজের।
মন্ত্রিসভায় গত বৃহস্পতিবার সিদ্ধান্ত হয়, সকাল ৯টা থেকে ৬টা পর্যন্ত দোকান, মার্কেট ও শপিংমল খোলা থাকবে। তবে কাঁচাবাজার, ওষুধের দোকান, হোটেল–রেস্তোরাঁ ও জরুরি সেবা এ বিধিনিষেধের বাইরে থাকবে। সরকারের ওই নির্দেশে ব্যবসায়ী মহলে আপত্তি ওঠে। তারপর শুক্রবার সকাল ৯টার বদলে বেলা ১১টা থেকে দোকানপাট খুলে রাত ৮টা পর্যন্ত চালু রাখার সুযোগ দিতে প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানায় সংগঠনটি।
প্রতিমন্ত্রী অমিত বলেন, ‘দোকান মালিক সমিতি আমাদের কাছে আবেদন করেছিল, আমরা যেন সন্ধ্যা ৭টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার সুযোগ দেই। যদিও কেবিনেট মিটিংয়ে সিদ্ধান্ত ছিল সন্ধ্যা ৬টা পর্যন্ত; কিন্তু পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রী দোকান মালিক সমিতির আবেদন পুনর্মূল্যায়ন করে সন্ধ্যা ৭টা পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছেন।’













