চট্টগ্রাম-১১ আসনে জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস পদপ্রার্থী আলহাজ্ব আবু তাহের আজ শনিবার বিকাল ৪টা থেকে আগ্রাবাদে গণসংযোগ শুরু করেন। এসময় তিনি রাত পর্যন্ত আগ্রাবাদ যাদুঘর থেকে ডেবার পাড়, রশিদ বিল্ডিং, রেড়িও ভবন, বাংলা বাজার হয়ে বারিক বিল্ডিং এলাকার অলিগলিতে গণসংযোগ করেন।
গণসংযোগকালে তার সাথে বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় জনগণ অংশ নেন। এসময় তিনি স্থানীয় জনগণ ও ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং লাঙ্গল প্রতীকে ভোট চান।
গণসংযোগকালে জাতীয় পার্টির প্রার্থী আবু তাহের বলেন, নির্বাচিত হয়ে আগ্রাবাদ বাণিজ্যিক এলাকার সকল সমস্যা নিরসন করবো। এখানকার ব্যবসায়ীদের জন্য সত্যিকারের-ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিত করবো। আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা-এই চট্টগ্রামের ব্যবসা-বাণিজ্যের অন্যতম প্রাণকেন্দ্র। সঠিক পরিকল্পনার অভাবে দিনদিন শতাব্দীর প্রচীনতম এই বাণিজ্যিক এলাকার জৌলুস হারিয়ে যাচ্ছে। এই জৌলুস ফিরিয়ে আনার জন্য তিনি স্থানীয় ব্যবসায়ীদের কাছে আগামী ১২ ফেব্রুয়ারি লাঙ্গল প্রতীকে ভোট প্রদানের আহবান জানান।
তিনি বলেন, দেশের মানুষ আবার লাঙ্গলের বিজয় দেখতে চান। নির্বাচিত হয়ে জনগণের প্রকৃত সেবক হয়ে কাজ করতে চাই। এজন্য আপনাদের দোয়া চাই।
গণসংযোগ কালে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর জা-পা যুগ্ম আহবায়ক মোহাম্মদ ওসমান খাঁন, নাছির উদ্দীন সিদ্দিকী, ফজলে আজিম দুলাল, আবছার উদ্দিন রনি, বাবুল আহাম্মদ, নগর যুবনেতা কায়সার হামিদ মুন্না, সদরঘাট থানার আহবায়ক সিরাজুল ইসলাম চৌধুরী, জা-পা নেতা আরমান মিয়া, ছাত্রনেতা শরিফুল মোল্লা নিরব, মোহাম্মদ ওসমান, জাহিদুর ইসলাম জাহিদ মোহাম্মদ জাবেদ প্রমুখ।












