নগরীর চট্টগ্রাম ক্লাবে এসোসিয়েশন অব পেডিয়াট্রিক সার্জনস অব বাংলাদেশ (এপিএসবি) এর ১৩তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য হলো–শেপিং দ্যা ফিউচার অব পেডিয়াট্রিক সার্জিক্যাল কেয়ার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডক্টরস অ্যাসোসিয়েশনের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. ওমর ফারুক ইউসুফ, গ্লোবাল ইনিশিয়াটিভ ফর চিল্ড্রেন সার্জারির সভাপতি অধ্যাপক ডা. তাহমিনা বানু, ড্যাবের মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসোসিয়েশন অব পেডিয়াট্রিক সার্জনস অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. মো. আবু জাফর এবং সঞ্চালনা করেন মহাসচিব অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম আকাশ।
সম্মেলনে বক্তারা বলেন, শিশু সার্জারি এক সময় জেনারেল সার্জারির অংশ ছিল। তবে বর্তমানে শিশু সার্জারি চিকিৎসার অঙ্গনে নতুন নতুন মাইলফলক অর্জন করেছে। চিকিৎসা বিজ্ঞানের শাখাটিতে এখন অনেক জটিল জটিল সার্জারি সম্পন্ন হচ্ছে। ফলে এখন রোগীদের বিদেশমুখী হতে হচ্ছে না।
উল্লেখ্য, সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ২০০ জন নিবন্ধিত চিকিৎসক, শিশু সার্জন, শিক্ষক, গবেষক ও চিকিৎসা সংশ্লিষ্ট পেশাজীবী অংশগ্রহণ করেন। সম্মেললে শিশুদের জন্মগত ও জটিল সার্জিক্যাল রোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, আধুনিক শিশু সার্জারি চিকিৎসার অগ্রগতি এবং বাংলাদেশে মানসম্মত শিশু সার্জারি সেবা সমপ্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত দেন বিশেষজ্ঞরা।












